রাবি প্রতিনিধি : বর্তমানে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো মুনাফা তৈরির কারখানা হয়ে পড়ছে। ইউজিসির কৌশলপত্র বাস্তবায়ন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর এর বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন করলে প্রশাসন ও সরকারদলীয় ছাত্র সংগঠনের নেতাকর্মীরা হামলা করে। আবার আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধেই মামলা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ক্ষমতাসীন দলগুলো। রাজনৈতিক দলগুলোর মতো বিশ্ববিদ্যালয় প্রশাসনও মামলাবাজ হয়ে যাচ্ছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৪ সালের ২ ফেব্রুয়ারির আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা ও গ্রেপ্তরী পরোয়ানা প্রত্যাহারের দাবিতে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিলানী শুভ। রোববার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এর আগে একটি মিছিল কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মজিদ অন্তর বলেন, ২ ফেব্রুয়ারিতে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে ন্যাক্কারজনক হামলা করেছিলো ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। কিন্তু সেদিন যারা নিজেদের অধিকার আদায়ে, শিক্ষার্থীদের অধিকার আদায়ে আন্দোলন করেছিলো তাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে। অবিলম্বে এসব মিথ্যা মামলা ও গ্রেপ্তারী পরোয়ানা প্রত্যাহার করতে হবে।
বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন রাবি প্রগতিশীল ছাত্রজোটের আহ্বায়ক এ এম শাকিল, কেন্দ্র্রীয় ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, কেন্দ্রীয় ছাত্রমৈত্রীর যুগ্ম আহ্বায়ক ইকবাল কবীর, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিলানী শুভ প্রমুখ।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২ ফেব্রায়ারি সান্ধ্যকোর্স ও বর্ধিত ফি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষের পরদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ দুটি করে ৪টি মামলা করে। পুলিশ এ মামলার চার্জশীট দাখিল করে। আগামীকাল সোমবার এ মামলার আসামীদের হাজিরার দিন ধার্য করা হয়েছে।

এ বিভাগের আরো..
নাজমুল সভাপতি ও সুমনকে সম্পাদক করে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের নতুন কেন্দ্রীয় কমিটি
গরীব শিক্ষার্থীদের মিল বন্ধ থাকায় স্কুলে অনাগ্রহ
বেনাপোল প্রাথমিক বিদ্যালয়ের নিহত ৯ শিশুর স্মরণে শোক র্যালী