ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য প্যানেল নির্বাচন করতে সিনেটে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বিকল্প প্রস্তাব না থাকায় ভোট ছাড়াই উপাচার্য প্যানেল চূড়ান্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে।
ঢাবি জনসংযোগ দফতরের উপ-পরিচালক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ-১৯৭৩ আর্টিকেল ১১ (১) অনুযায়ী, মহামান্য চ্যান্সেলর কর্তক বিশ্ববিদ্যালয়ের ভাই্স চ্যান্সেলর নিয়োগের জন্য সর্বসম্মতিক্রমে তিনজনের একটি প্যানেল মনোনয়ন করা হয়েছে।
শনিবার বিকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ অধিবেশন বসে। অন্য কোনো প্যানেল না থাকায় সিনেট সভায় বর্তমান উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন আবদুল আজিজের প্যানেল পাস হয়।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার বেলা সাড়ে তিনটার দিকে শিক্ষার্থীরা সিনেট ভবনের ফটকে জড়ো হন। তারা ডাকসুর নির্বাচনের দাবিতে স্লোগান দিতে থাকেন। পরে পৌনে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরের পাশের ফটক ভেঙে শিক্ষার্থীরা ভেতরে ঢুকে যান। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী, সহকারী প্রক্টর রবিউল ইসলামসহ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তারা ফটকের ভেতরে অবস্থান করছিলেন। তারা শিক্ষার্থীদের পথরোধ করেন। এ সময় দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। সেখানে বসে পড়েন শিক্ষার্থীরা। পাঁচ মিনিটের মধ্যে শিক্ষকেরা তাদের ধাওয়া দিয়ে বের করে দেন।

এ বিভাগের আরো..
নাজমুল সভাপতি ও সুমনকে সম্পাদক করে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের নতুন কেন্দ্রীয় কমিটি
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী