October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আমি সাংবাদিক

জাহিদ রেজা নূর : কেউ যদি সাংবাদিক চরিত্রটিকে কমিক চরিত্রে পরিণত করে, তবে তার দায় সেই সব সাংবাদিকেরই। আমার নয়।
কেউ যদি সাংবাদিকতা পেশাকে নিজ স্বার্থ উদ্ধারের সোপান মনে করে, তবে তার দায় আমার নয়।
মনে প্রশ্ন জেগেছে, যে সাংবাদিক নেতাদের ভোট দিই, তাদের মূল কাজ কী? সাংবাদিকেরা তাদের কাছ থেকে কী শিক্ষা পায়?
আমি সাংবাদিকতার নামে সব ধরনের চামচামি আর নিজস্বার্থ উদ্ধারের প্রতিবাদ করছি।
আর হ্যাঁ, কোনো সাংবাদিককে একসময় শ্রদ্ধা করতাম বলে তাঁর অধপতনের পরও তাঁকে শ্রদ্ধা করে যাব, তা নয়।
ভাঁড় তো ভাঁড়ই।
তবে বলে রাখি, সংস্কৃতি মার খেয়ে ব্যবসায়ীদের হাতে চলে গেছে বলেই এই অধপাতের সূচনা হয়েছে। তাই শুধু ক্লাউন সাংবাদিকদের দোষ দেবেন না। সমাজের সবখানেই ক্লাউন খুঁজে পাবেন। প্রতিটি পেশায় ভোগবাদের যে রমরমা, সেটাও এই সংস্কৃতিহীনতার ফল। সাংবাদিকেরা ব্যতিক্রম হতে পারত, পারেনি। তার মানে, সাংবাদিকতার মূল লক্ষ্যকেই তাঁরা প্রশ্নবিদ্ধ করেছে।
আমি সাংবাদিক। আমি যা লিখি, তাতে আমার দেশের সংস্কৃতি একটু হলেও সবুজের ছোঁয়া পায়, তাতে আমি গর্ব বোধ করি।
কিছু মানুষের কারণে, এমনকি এদের সংখ্যা বিস্ময়ের সীমা ছাড়িয়ে গেলেও আমি আমার সাংবাদিক পেশাকে গালাগাল করব না। মানুষ পেশাকে কলুষিত করে, পেশা সাংবাদিকতাকে নয়।

লেখক : ডেপুটি ফিচার এডিটর, দৈনিক প্রথম আলো; সদস্য, প্রজন্ম ৭১।