November 5, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

শাবিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

শাবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা সেলের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রফেসর জায়েদা শারমীন স্বাতীর সঞ্চলনায়
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উক্ত সেমিনারে ‘৭ই মার্চের ভাষণ ও একটি জাতি-রাষ্ট্রের সৃষ্টি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।

তিনি মূল প্রবন্ধে বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চে ভাষণ বিশ্বের শ্রেষ্ঠতম ভাষণ। বিশ্বের অন্যান্য জাতীয় নেতাদের শ্রেষ্ঠ ভাষণগুলোর প্রায় সব ভাষণই ছিল লিখিত। কিন্তু বঙ্গবন্ধুর সে ভাষণ ছিল অলিখিত। এই একটি ভাষণই একটি জাতী রাষ্ট তথা বাংলাদেশ সৃষ্টি করেছে যা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন।

প্রধান আলোচক জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মশিউর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু ভাষণের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। বরং সারাজীবন এ জাতির জন্য কাজ করে গেছেন। জীবনভর আত্মত্যাগ, নেতৃত্বে দৃঢ়তা এবং লক্ষ্যে অবিচলতা তাঁকে বাঙ্গালি জাতির কাছে শ্রেষ্ঠ সন্তানে পরিণত করেছিল।

আলোচনায় অংশ নিয়ে শাবিপ্রবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ মূলত একটি বিপ্লবের ঘোষণা। এর মাধ্যমেই বাঙ্গালী জাতি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে।

সভাপতির বক্তব্যে শাবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সেমিনারে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙ্গালী জাতির সম্পদ। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী। আমাদের উচিত হবে তাঁর আদর্শকে অনুসরণ করা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা সেলের পরিচালক প্রফেসর ড. এস.এম. হাসান জাকিরুল ইসলাম। মুক্ত আলোচনায় অংশ নেন প্রফেসর ড. মো. কবির হোসেন, প্রফেসর ড. মো. আখতারুল ইসলাম, প্রফেসর ড. মো. আবদুল গনি, বাংলাদেশ ছাত্রলীগ শাবিপ্রবি শাখার সভাপতি মো. রুহুল আমীন, সাধারণ সম্পাদক ইমরান খান।