আমীন আল রশীদ : হলি আর্টিজানের ঘটনাটি বাংলাদেশের গণমাধ্যমের জন্য একেবারেই নতুন একটি অভিজ্ঞতা। যেহেতু এর আগে বাংলাদেশে এরকম সন্ত্রাসী হামলা হয়নি, ফলে এ জাতীয় ঘটনার লাইভ বা সরাসরি সম্প্রচারে টেলিভিশনগুলো আসলে কী করবে বা কতটুকু প্রচার করবে অথবা করবে না, কীভাবে এই ভয়ংকর ঘটনা কাভার করবে-সেসব নিয়ে শুরুতে আসলে কারোরই পরিস্কার ধারণা ছিল না।
এ কথা অস্বীকার করার উপায় নেই যে, যখন এরকম বড় কোনো ঘটনা ঘটে, তখন সারা দেশের মানুষের চোখ টেলিভিশনের পর্দায়ই থাকে। তারা প্রতি মুহূর্তের আপডেট বা সবশেষ খবর জানতে চায়। সেক্ষেত্রে সবশেষ তথ্য দেয়াও গণমাধ্যমের দায়িত্ব। বরং এরকম বড় ঘটনার খবর যদি গণমাধ্যম এড়িয়ে যেত তখন তাদের দর্শকপ্রিয়তা কমতোই শুধু নয়, জনগণ গণমাধ্যমকে গালাগালও করত। ফলে এরকম পরিস্থিতিতে গণমাধ্যম অনেকটা শাঁখের করাতে পড়ে যায়। সবার আগে সবশেষ খবর দর্শককে জানানোর যেমন তাড়া বা প্রতিযোগিতা থাকে, তেমনি ঠিক কতটুকু প্রচার করা যাবে বা যাবে না-তা নিয়েও অনেক সময় সিদ্ধান্ত নেয়া কঠিন হয়ে পড়ে। এখানে সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে একটা অসুস্থ প্রতিযোগিতাও কাজ করে। কারণ সবাই চায় এরম বড় ঘটনাকে কেন্দ্র করে দর্শকপ্রিয় হতে।
কিন্তু এখানে সবার আগে সবশেষ তথ্য দেয়ার চেয়েও বড় চ্যালেঞ্জ হচ্ছে জাতীয় নিরাপত্তা বা সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয় এমন কিছু প্রচার না করা। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীও যেহেতু হলি আর্টিজানের মতো ঘটনার মুখোমুখি আগে কখনো হয়নি, তাই এই পরিস্থিতি উত্তরণে তাদের কৌশল কী হবে- তারা ডিফেন্সিভ হবে না কি অফেন্সিভ-এসব প্রশ্নের জবাব জানার কৌতূহল সাংবাদিকদের থাকবেই। কিন্তু তারপরও র্যাব মহাপরিচালক যখন অভিযানের ছবি সরাসরি সম্প্রচার না করার অনুরোধ করলেন, তখন কোনো কোনো টেলিভিশন কৌশলে ঢাকা মেডিকেল ও ইউনাইটেড হাসপাতাল থেকে তাদের রিপোর্টারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেছে। হলি আর্টিজান এলাকায় তাদের রিপোর্টার থাকলেও সেখানে সরাসরি যুক্ত হয়নি। মাঝে মধ্যে মোবাইল ফোনে (ফোনো) ঘটনাস্থল থেকে রিপোর্টার যুক্ত হয়েছেন। এই কৌশলটি তুলনামূলকভাবে নিরাপদ ছিল।
বাস্তবতা হলো, যেহেতু গণমাধ্যমের জন্য এ জাতীয় ঘটনা একদমই নতুন-তাই কিছু ভুলত্রুটি থাকা অস্বাভাবিক নয়। এসব ভুলত্রুটি থেকে ভবিষ্যতের জন্য শিক্ষা নেয়া গেলেই মঙ্গল।
লেখক : সাংবাদিক। লেখাটি ফেসবুক পাতা থেকে নেয়া।

এ বিভাগের আরো..
অতিরিক্ত ভালোবাসা ঠিক নয়
সংসদ সদস্যকে আইন প্রনয়ন নয়, মানতেও হবে
জাতীয় চারনেতা হত্যা নেপথ্যে থাকা কুশলীব কারা