November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পানির দাবিতে বাকৃবির ছাত্রীদের বিক্ষোভ

প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পানির সংকট নিরসনের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন সুলতানা রাজিয়া হলের আবাসিক ছাত্রীরা। আজ শুক্রবার দুপুরে ছাত্রীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে পানির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

বিক্ষোভকারীদের দাবি, তিন মাস ধরে পানির সমস্যায় ভুগছেন তারা। কিছুদিন পরপরই হলে পানির সমস্যা দেখা দেয়। পানি সরবরাহ শুরু হলেও নোংরা ও বালিযুক্ত পানি আসে।

তাদের অভিযোগ, এই বিষয়ে হল প্রাধ্যক্ষকে(প্রভোস্ট) বারবার বিষয়টি জানিয়েও কোনো সুরাহা হয়নি।

বিক্ষোভকারীদের একজন জানান, গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই পানির সংকটে পড়েছেন তারা। দিনের বেলায় কয়েকবার পানি এলেও তা ব্যবহারের উপযোগী ছিল না। আজ শুক্রবার দুপুর পর্যন্ত একই অবস্থা  তারা বিক্ষোভ শুরু করেন।

এদিকে  জুমার নামাজ শেষে বেলা দুইটার দিকে উপাচার্য তার বাসভবনে প্রবেশ করতে গেলে ছাত্রীরা উপাচার্যের গাড়ি ভেতরে ঢুকতে দেননি। পরে উপাচার্য অধ্যাপক মো. আলী আকবর গাড়ি থেকে নেমে ছাত্রীদের সঙ্গে কথা বলেন।

এ সময় ছাত্রীরা উপাচার্যকে জানান, বারবার হল প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তবে সুলতানা রাজিয়া হলের প্রাধ্যক্ষ কাজী শাহানারা আহমেদ বলেন, অনেক দিনের পুরোনো লাইনের জন্য পানির সমস্যা হচ্ছে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রকৌশল শাখাকে ছয়বার চিঠি দিয়ে সমস্যার বিষয়টি জানিয়েছি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম জাকির হোসেন ছাত্রীদের রোববার থেকে পানির সমস্যার সমাধানের আশ্বাস দেন।