November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

শাকিবকে উকিল নোটিশ পাঠানোর সিদ্ধান্ত

ডেস্ক:  ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানোর বিষয়ে আজ সোমবার দুপুরে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন নিজেই এ তথ্য জানিয়েছেন।

বদিউল আলম খোকন বলেন, পরিচালকদের হেয় করে কথা বলার অভিযোগের বিষয়টি আজ পরিচালক সমিতির সভায় উঠানো হবে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

এর আগে গত শনিবার এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বিদেশে থাকায় সেটি হয়নি। তাই সোমবার দুপুরে সমিতির সভায় বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পরিচালক সমিতির মহাসচিব।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব খান পরিচালকদের হেয় করে কথা বলেছেন। এই অভিযোগে শাকিবকে উকিল নোটিশ পাঠানোর ব্যাপারে ভাবছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।