November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

১৪ ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস ঘোষণার দাবি

ডেস্ক:   ১৪ ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে সুন্দরবন দিবস ঘোষণার দাবি জানিয়েছে বনবিভাগ ও সুন্দরবন একাডেমিসহ ১৫টি জাতীয় ও আন্তর্জাতিক সংগঠন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা প্রেসক্লাবে সংগঠনগুলোর আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন খুলনা সার্কেলের বন সংরক্ষক জহির উদ্দিন আহমেদ ও সুন্দরবন একাডেমির পরিচালক ফারুক আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন- খুলনা প্রেসক্লাবের সভাপতি এস.এম হাবিব, সাধারণ সম্পাদক সুবীর রায়।

সুন্দরবন একাডেমি ও বন বিভাগের যৌথ আয়োজনে বিভিন্ন জাতীয়-আন্তর্জাতিক সংগঠন যেমন- খুলনা বিশ্ববিদ্যালয়, ইউএসএআইডি’র অর্থায়নে পরিচালিত ক্রেল প্রকল্প, ওয়াইল্ডটিম, ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব সুন্দরবন, বাংলাদেশ এনভারণমেন্ট অ্যান্ড ডেভলপমেন্ট সোসাইটি (বেডস), সিসিইসি, রূপান্তর, জেজেএস, দুবলারচর ফিশারমেন গ্রুপ ও খুলনা প্রেস ক্লাবের সহায়তায় এবারের সুন্দরবন দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান বরাবরের মতই খুলনায় অনুষ্ঠিত হচ্ছে।

এবারের সুন্দরবন দিবসের প্রধান আকর্ষণ খুলনা মহানগরীর নির্বাচিত ২৫টি মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রীর প্রত্যক্ষ অংশগ্রহণ। ছাত্র-ছাত্রীরা স্কুলভিত্তিক অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে ‘জীববৈচিত্র্যের সুন্দরবন, করবো মোরা সংরক্ষণ’ ধারণাটি রঙ-তুলিতে ফুটিয়ে তুলেছে যাতে সুন্দরবন সংরক্ষণে ছাত্র-ছাত্রীদের চিন্তা-চেতনা এবং দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে।

১২ ফেব্রুয়ারি (রোববার) উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে সুন্দরবন দিবসের কেন্দ্রীয় কর্মকাণ্ডে। মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সুন্দরবন বিষয়ে চিত্রাঙ্কন এবং বক্তৃতা প্রতিযোগিতায় সম্পৃক্ত করার উদ্দেশ্য হলো আগামী প্রজন্মের এই প্রতিনিধিদের ‘সুন্দরবন সচেতন’ করে গড়ে তোলা যাতে করে ভবিষ্যতে তারা জগৎবিখ্যাত এই বন সুরক্ষায় যথাযথ ভূমিকা রাখতে পারে।

সংবাদ সম্মেলনে বলা হয়, সাংবাদিক সমাজের ক্ষুরধার লেখনির মধ্য দিয়ে আমরা অচিরেই সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি সরকারের কাছ থেকে আদায় করতে পারব- যার দাবি খুলনার মানুষ জানিয়ে আসছে বিগত ১৫ বছর ধরে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে খুলনা সার্কেলের বন সংরক্ষক জহির উদ্দিন আহমেদ জানান, করমজলের লোপার্ড ক্যাট-ই যে কুমিরছানা হত্যার ঘটনাটি সিসি টিভির ফুটেজে নিশ্চিত হওয়ার পরেই চিতাবিড়ালটি হত্যা করার নির্দেশ দেওয়া হয়। এটির ময়নাতদন্ত করে তার পেটে অনেকগুলো কুমিরের অংশ পাওয়া গেছে।

এ সময় তিনি সুন্দরবন রক্ষায় বনবিভাগের পাশাপাশি স্থানীয় জনসাধারণের সচেতনতার প্রতি গুরুত্বারোপ করেন।

১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবসে স্কুলভিত্তিক শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে জাতিসংঘ শিশু পার্কে। খুলনায় কেন্দ্রীয় অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী, সুন্দরবনপ্রেমী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সাতশো মানুষ অংশ নেবেন।

এছাড়াও ‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন’ স্লোগানে সামনে রেখে দেশে ও দেশের বাইরে ব্যাপকভাবে ই-কার্ড মেইল করার কর্মসূচি নেওয়া হয়েছে। কেন্দ্রীয় পর্যায়ে খুলনায় সুন্দরবন দিবস অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা জেলা সুন্দরবন সন্নিহিত উপজেলাগুলো সুন্দরবন দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।