October 13, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

এক ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটায় দুজন নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলক্ষেত ও বনানীতে এক ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে নারীসহ মোট দুজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সোয়া ৮টা থেকে সোয়া ৯টার মধ্যে এ দুটি ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক জানান, সকাল সোয়া ৮টায় রাজধানীর বনানী রেলক্রসিংয়ের উত্তর পাশের রেললাইনে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী কাটা পড়ে এক অজ্ঞাত পুরুষ নিহত হয়েছেন। আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির পরনে ছিল একটি নীল রঙের সোয়েটার ও ফুল প্যান্ট।
এর এক ঘণ্টা পরে সোয়া ৯টার দিকে রাজধানীর খিলক্ষেত রেলক্রসিংয়ের উত্তর পাশের রেললাইনে ঢাকা থেকে নেত্রকোনাগামী মহুয়া এক্সপ্রেসের ধাক্কায় মিলনা আক্তার (৩৫) নামের এক নারী পথচারী আহত হন। দুর্ঘটনার পর পথচারীরা তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
দুটি মৃতদেহই ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওসি ইয়াসিন ফারুক।