ডেস্ক : বাগেরহাটের ফকিরহাটে সোমবার সকালে বাসের চাপায় পিষ্ট হয়ে নানা-নানি ও নাতি-নাতনি নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরেক নাতি। হতাহতরা ইঞ্জিনচালিত ভ্যানের আরোহী ছিল।খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের চেয়ারম্যানের মোড় এলাকায় নিহতরা হলো ভ্যানচালক মো. আজাদ শেখ (৪৪), তাঁর স্ত্রী শিখা বেগম (৩৮), নাতি রনি শেখ (৫) ও নাতনি তামান্না আক্তার (৮)। গুরুতর আহত নাতি রাজু শেখকে (১০) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজাদ শেখের বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামে। রনি ও তামান্না পাশের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের দোলুবুনিয়া গ্রামের কলিম উদ্দিন মোল্যার ছেলেমেয়ে। আজাদ স্ত্রী ও নাতি-নাতনিদের নিয়ে ভ্যান চালিয়ে ওই সড়ক দিয়ে আসছিলেন।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের উপরিদর্শক (এসআই) জামাল হোসেন জানান, খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ‘কমফোর্ট’ নামের একটি যাত্রীবাহী বাস চেয়ারম্যানের মোড়ে সকাল ১০টার দিকে বিপরীতমুখী ইঞ্জিনচালিত যাত্রীবাহী ভ্যানটিকে চাপা দেয়। বাসটি ভ্যানযাত্রীদের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। আহত দুই শিশুকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। অন্য শিশুকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ চারটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ বিভাগের আরো..
রাজধানীতে ফানুস ওড়ানোয় অগ্নিদগ্ধ ৩
ঘাটাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত