October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

দুস্থদের মাঝে খালেদার খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎবার্ষিকীতে রাজধানীতে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। ঢাকা মহানগর বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজ হাতে দুস্থদের হাতে খাবার তুলে দেন।

রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে সোমবার (৩০ মে) বেলা সাড়ে ১১টায় ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে খাবার বিতরণ করা হয়।

মানিক মিয়া অ্যাভিনিউ টিঅ্যান্ডটি মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত দুস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি শুরু হয়।

খালেদা জিয়া এর উদ্বোধন করেন। সেখান থেকে বিএনপি চেয়ারপারসন মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি, কলাবাগান, আজিমপুর, পুরান ঢাকার লালবাগ, মৌলভীবাজার, বংশাল, জজ কোর্টের সামনে, নয়াবাজার, হাইকোর্ট প্রাঙ্গণে খাবার বিতরণ করেন তিনি।

বিকেল পৌনে ৪টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খাবার বিতরণ করেন খালেদা জিয়া। এ ছাড়া শাহজানহপুর, মতিঝিল, বাংলামোটরের বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন তিনি।

৩১ মে ও ১ জুন রাজধানীতে খাবার বিতরণ কর্মসূচি পালন করা হবে। জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ১৫ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়।

১৯৮১ সালে এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একদল বিপথগামী সদস্যদের অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন।