October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

৯ পৌরসভায় ভোট গ্রহণ চলছে

ডেস্ক রিপোর্ট : পৌরসভা নির্বাচনের তৃতীয় ধাপে নরসিংদীর ঘোড়াশাল ও রায়পুরা, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, লক্ষ্মীপুর সদর, নোয়াখালী সদর ও সেনবাগ,  কক্সবাজারের টেকনাফ, ফেনীর ছাগলনাইয়া এবং খাগড়াছড়ির রামগড়ে ভোট গ্রহণ শুরু হয়েছে।

বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। লক্ষ্মীপুর সদর পৌরসভায় ২ জন মেয়র ও ৬৭ জন কাউন্সিলর, কসবা পৌরসভায় ২ জন মেয়র ও ৩৫ জন কাউন্সিলর, নোয়াখালী পৌরসভায় ৩ জন মেয়র ও ৪৮ জন কাউন্সিলর, সেনবাগ পৌরসভায় ৪ জন মেয়র ও ৪৬ জন কাউন্সিলর, ছাগলনাইয়া পৌরসভায় ৩ জন মেয়র ও ৪৬ জন কাউন্সিলর, টেকনাফ পৌরসভায় ২ জন মেয়ার ও ৩১জন কাউন্সিলর এবং রামগড় পৌরসভায় ৩ জন মেয়র ও ৫৪ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ১৩৩টি ভোটকেন্দ্রের ৮৯৭ ভোটকক্ষে মোট ৩ লাখ ১৩ হাজার ৬৯১ জন তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা রয়েছে; যা কার্যকর থাকবে ২৬ মে সকাল ৬টা পর্যন্ত। একই সঙ্গে আজ রাত ১২টা পর্যন্ত নিষেধাজ্ঞা রয়েছে নির্বাচনী এলাকায় সব ধরনের নৌযান চলাচলেও। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসব নির্বাচনী এলাকায় পুলিশের পাশাপাশি র‌্যাবের ৩৮টি দল ও ১২ প্লাটুন বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে।