October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ফখরুলসহ ৩৬ জনের অভিযোগ গঠন শুনানি ৩ এপ্রিল

আদালত প্রতিবেদক : পল্টন থানায় বিস্ফোরক আইনে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ৩ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা বৃহস্পতিবার আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এদিন ধার্য করেন।

মির্জা ফখরুল আদালতে হাজির না হওয়ায় তার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে আসামিরা শান্তিনগর ও চামেলীবাগের টুইন টাওয়ারের সামনে চলাচলরত যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগে করেন। এ ছাড়া পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

ঘটনার দিনই পল্টন থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ জনকে আসামি করে মামলা করেন। ২০১৫ সালের ১১ মে ডিবি পুলিশের পরিদর্শক এনামুল হক ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নীরব, হাবিব-উন-নবী খান সোহেল, সুলতান সালাহউদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ ৩৬ জনের নাম উল্লেখ করা হয়।