October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

উষ্ণতা বাড়তে পারে

ডেস্ক প্রতিবেদন : মাঘ মাসের এখন প্রায় শেষ পর্যায়ে। প্রায় প্রতিদিনই বাড়ছে রোদের তেজ। সেই সঙ্গে কমে আসছে কুয়াশা। ইতোমধ্যে অনেকেই তুলতে শুরু করেছেন শীতের কাপড়।

উষ্ণতা বৃদ্ধির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তরও। সোমবারের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাঙ্গামাটিতে ৩১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে; যা গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ইশ্বরদীতে ১১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর, কুষ্টিয়া ও কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, রংপুর, সিলেট ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এতে আরও বলা হয়, শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সিনপটিক অবস্থা সম্পর্কে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় বাতাসের গতি ও দিক সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার গতিতে প্রবাহিত হচ্ছে। গতকাল ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।

আজ বুধবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ৬টা ৩৭ মিনিটে।