November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আরিচা ঘাটে ১৪ মণ পোনা অবমুক্ত

নিজস্ব প্রতিবেদকঃ যমুনা নদীতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাটে ১৪ মণ রুই, কাতল, মৃগেল ও তেলাপিয়ার পোনা অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার দুপুরে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই পোনা অবমুক্ত করা হয়।

আরিচার পুরাতন লঞ্চ ঘাটের সিড়ি থেকে আইন মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক নদীতে পোনা অবমুক্ত করেন।

 এ সময় ঢাকা জেলা জজ ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম কুদ্দুস জামান, ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা, আইন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন) বিকাশ কুমার সাহা, মানিকগঞ্জের ভারপ্রাপ্ত জেলা জজ আল-মাহমুদ ফায়জুল কবীরসহ বিচার বিভাগীয় বিভিন্ন পর্যায়ের ৪০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এর পর বেলা তিনটার দিকে আবু সালেহ শেখ মো. জহিরুল হক সঙ্গীয় বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেন।

এ সময় তিনি জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্প্রাসারণ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের নির্মাণ কাজের অগ্রগতির পরিদর্শন ও খোঁজ-খবর নেন। দ্রুততম সময়ের মধ্যে নতুন ভবনের কাজ শেষ করার জন্য সংশ্লষ্টদের নির্দেশ দেন। তাছাড়া আদালতের কার্যক্রম সাজানোর জন্য প্রয়জনীয় নির্দেশনা দেন। এছাড়া নতুন ভবন ১২ তলা বিশিষ্ট করার জন্য আশ্বাস দিয়ে তিনি বলেন, আগামী ১০ তারিখ এ বিষয়ে মন্ত্রণালয়ের বৈঠকের পর সিদ্ধান্ত জানানো হবে।

এ সময় মানিকগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন নিগার, মানিকগঞ্জ নারী ও শিশু ট্রাইব‌্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান, ঢাকার মুখ্য বিচারিক হাকিম মো: মাহবুবার রহমান সরকার, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব (বাজেট) শেখ হুমায়ুন কবির, সিনিয়র সহকারী সচিব মো: খাদেম উল কায়েস, ঢাকার যুগ্ম জেলা জজ শাহরিয়ার কবীর, মানিকগঞ্জের যুগ্ম জেলা জজ রফিকুল ইসলাম, মানিকগঞ্জ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারেক মঈনুল ইসলাম ভূইয়াসহ বিচার বিভাগীয় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, আরিচা লঞ্চ ঘাটের একইস্থানে দুপুর একটার দিকে পৃথকভাবে শিবালয় উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম পোনা অবমুক্ত করে।

এ সময় শিবালয় থানা ওসি রকিবুজ্জামান, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, দপ্তর সম্পাদক আহসান হাবিব ও কমিউনিটি পুলিশিং কর্মকর্তা আবদুল জলিল উপস্থিত ছিলেন।