October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণার মানোন্নয়নে কোইকা ও ইউজিসি’র মতবিনিময়

ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সঙ্গে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ইউজিসির সভাকক্ষে আয়োজিত সভায় জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং উদ্ভাবনী দক্ষতা অর্জনের লক্ষ্যে কোইকা নতুন একটি প্রকল্পে অর্থ ও কারিগরি সহযোগিতা করবে। পাঁচ বছর মেয়াদী ৭.৫ মিলিয়ন মার্কিন ডলারের এই প্রকল্প চলতি বছরের ডিসেম্বর মাসে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই প্রকল্পের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে এবং তরুণ প্রজন্ম ইনোভেশন ও এন্ট্রাপ্রেনিউরশিপ বিষয়ে দক্ষ হয়ে উঠবে।
কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে কোইকা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এর প্রোগাম ম্যানেজার হান ইউরি ।
এ সময় কোইকার প্রজেক্ট ম্যানেজার দেরিক কিম, প্রোগ্রাম অফিসার ফজলে রাব্বিসহ অন্যরা সভায় উপস্থিত ছিলেন।
প্রফেসর আলমগীর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তিতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ইয়ুথ এন্ট্রাপ্রেনারশিপ তৈরিতে সঠিক নির্দেশনা প্রদান করবে।
তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়ে ইয়ুথ এন্ট্রাপ্রেনারশিপ ও নেটওয়ার্কিং গড়ে তুলতে দেশের অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ ধরনের প্রকল্প চালু করা প্রয়োজন।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন, ক্রিয়েটিভিটি এন্ড এন্ট্রাপ্রেনিউরশিপের নির্বাহী পরিচালক মো. রাশেদুর রহমান প্রস্তাবিত ‘ক্যাপাসিটি বিল্ডিং অব ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ টু প্রোমোট ইয়ুথ এন্ট্রাপ্রেনারশিপ’ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন।(বাসস)