November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বিশ্ব মান দিবসে রাষ্ট্রপতির বাণী 

ডেস্ক:  রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ‘বিশ্ব মান দিবস’ উপলক্ষে বাণী প্রদান করছেনে :“বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিএসটিআই’র উদ্যোগে ৫০তম ‘বিশ্ব মান দিবস’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। প্রযুক্তির উন্নয়ন ও বিবর্তন বিশ্বকে ক্রমাগত হাতের মুঠোয় নিয়ে এসেছে। মুঠোফোনসহ আধুনিক প্রযুক্তির কল্যাণে বিনোদনসহ পারস্পরিক যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। এ প্রেক্ষাপটে বিশ্ব মান দিবসের এবারের প্রতিপাদ্য ‘Video standards create a global stage’ অর্থাৎ‘ভিডিও মান বৈশ্বিক সম্প্রীতির বন্ধন’ সময়োপযোগী বলে আমি মনে করি।

প্রযুক্তির ছোঁয়ায় বিশ্ব দ্রুত এগিয়ে চলেছে। প্রচার মাধ্যম, বিনোদন থেকে শুরু করে ব্যক্তি যোগাযোগসহ সকল ক্ষেত্র্রে লেগেছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। একসময়ে জনপ্রিয় বিনোদন মাধ্যম ভিসিআর এর স্থান করে নিয়েছে ডিভিডি, ব্লু রে প্রযুক্তি। স্মার্ট ফোন ও দ্রুতগতির ইন্টারনেটের কল্যাণে মানুষ সহজে বিশ্বের অন্যপ্রান্তে তার প্রিয়জনকে দেখতে পাচ্ছে। সাবলীল মত প্রকাশ ও ব্যক্তি যোগাযোগের অনন্য এক মাধ্যমে পরিণত হয়েছে ভিডিও। বিশ্বের মান প্রণেতাগণ ভোক্তাসাধারণের চাহিদার এ দিকটির কথা মাথায় রেখে ভিডিও’র মানকে বিশেষ গুরুত্ব প্রদান করেছেন। পাশাপাশি ভিডিও’র সহজলভ্যতা ও সবর্জনীন অভিগম্যতা নিশ্চিত করতে ভিডিও অ্যাপ্লিকেশন নির্মাণ ও সেবা প্রদানে বিশ্বব্যাপী একই মান নির্ধারণ অত্যন্ত জরুরি বলে আমি মনে করি।

উন্নত সেবা প্রাপ্তি আজ আর কোন প্রত্যাশা নয় বরং এটি ভোক্তার মৌলিক অধিকার। পণ্য উৎপাদন, বিপণন ও সেবা প্রদানসহ সকল ক্ষেত্র্রে আন্তর্জাতিক মান অনুসরণ অপরিহার্য। পণ্য ও সেবার মান প্রণয়ন ও উন্নয়নের মাধ্যমে জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদানে জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জনগণের আস্থা পূরণে বিএসটিআইকে তাই আরও দক্ষ, জবাবদিহি ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশ্ব মান দিবস উদযাপনের মধ্য দিয়ে দেশের সকল সেবাদানকারী প্রতিষ্ঠান এবং ভোক্তা সাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে – এ প্রত্যাশা করি।

আমি বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।

খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।” – তথ্যবিবরণী