ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব মান দিবস উপলক্ষে বাণী প্রদান করেছেন : “বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিএসটিআই-এর উদ্যোগে ১৪ অক্টোবর ৫০তম ‘বিশ্ব মান দিবস’ পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত।
বিশ্ব মান দিবসের এবারের প্রতিপাদ্য ‘Video standards create a global stage’ অর্থাৎ ‘ভিডিও মান বৈশ্বিক সম্প্রীতির বন্ধন’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কোন পণ্য উৎপাদনের ক্ষেত্রে দেশীয় পদ্ধতি ও উৎপাদিত পণ্যের আন্তর্জাতিক মান বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করতেন। জাতির পিতার নেতৃত্বে ১৯৭৪ সালে তৎকালীন জাতীয় মান সংস্থা, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশন (বিডিএসআই) আন্তর্জাতিক মান সংস্থা-ISO এর সদস্য পদ লাভ করে।
ভিডিও হচ্ছে একটি উন্নত ও আধুনিক প্রযুক্তিগত মাধ্যম, যার মাধ্যমে কোন বিষয়কে সহজে প্রকাশ করা যায়। তথ্য-প্রযুক্তির উন্নয়নের ফলে বিভিন্ন তথ্যাদি ও ছবি ভিডিও’র মাধ্যমে বিশ্বব্যাপী জনগণের মধ্যে পারস্পরিক বিনিময়ের সুযোগ সৃষ্টি করেছে। ‘ভিডিও মান’ বৈচিত্র্যময় বিশ্বকে একত্রিত করে সম্প্রীতির বন্ধন সৃষ্টির মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়নসহ সকল ক্ষেত্রে অভিন্ন নিয়ম অনুসরণের ফলে পৃথিবীকে বিশ্বস্ততার বন্ধনে আবদ্ধ করতে সহায়ক ভূমিকা রাখছে। বিশ্বায়নের যুগে সকলের জন্য নিরাপদ ও বিশ্বাসযোগ্য পৃথিবী গড়তে ‘আন্তর্জাতিক মান’ এর ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশের খ্যাতনামা বৈজ্ঞানিক, প্রযুক্তিবিদ এবং বিশেষজ্ঞগণ তাঁদের গবেষণালদ্ধ জ্ঞান কাজে লাগিয়ে সকলের নিকট গ্রহণযোগ্য আন্তর্জাতিক মান ও নীতিমালা তৈরি করছে। তাই সকল ক্ষেত্রে যথাযথ মান অনুসরণ করা আবশ্যক।
‘আন্তর্জাতিক মান’ অনুসরণের মাধ্যমে উৎপাদিত পণ্য ও সেবাদানকারী প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারে আস্থা অর্জন করতে সক্ষম হচ্ছে। বর্তমান সরকারের রূপকল্প-২০২১ ও ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে দেশের অর্থনীতিতে উন্নয়নমূলক পরিবর্তন আনতে পণ্য ও সেবার গুণগতমান নিশ্চিত করা জরুরি।
আমি আশা করি, বিএসটিআই জাতীয় স্বার্থ বিবেচনায় রেখে আন্তর্জাতিক মান অনুসরণে জাতীয় মান প্রণয়ন ও বাস্তবায়ন করে মানসম্পন্ন সেবা সুষ্ঠুভাবে জনগণের কাছে পৌঁছে দেবে।
আমি ‘বিশ্ব মান দিবস’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক”
-তথ্যবিবরণী

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন