ডেস্ক: মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা কবে উদযাপিত তা জানা যাবে কাল রবিবার। জিলহজ মাসের চাঁদ দেখতে রবিবার সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। শনিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
রবিবার মাগরিবের নামাজের পর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। কমিটি চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করবে।
কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মতিউর রহমান সভায় সভাপতিত্ব করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রবিবার ১৪৩৯ হিজরি সনের চাঁদ দেখা গেলে সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ২২ আগস্ট (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হবে। চাঁদ দেখা না গেলে সোমবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, দেশে ঈদ পালিত হবে ২৩ আগস্ট।
ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হয়ে থাকে।
বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন নম্বরে এবং ৯৫৬৩৩৯৭, ৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা অন্য কোনো উপায়ে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

এ বিভাগের আরো..
চলতি বছরের ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা ও সর্বনিম্ন ১১৫ টাকা
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা
সৎসঙ্গ বিহারে ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব