November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ফরিদপুরের অপহরণের ১৯দিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার

 ফরিদপুর প্রতিনিধি: ”ফরিদপুরে অপহরণের ১৯ দিন পর উদ্ধার করা হয়েছে স্কুলছাত্র আলাউদ্দিন মাতুব্বর ওরফে অন্তর (১৫) এর গলিত লাশ। ২৬ জুন মঙ্গলবার রাত ১১টার দিকে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকদী গ্রামের একটি চক এলাকার খাল পাড় থেকে মাটি খুড়ে লাশটি উদ্ধার করে নগরকান্দা থানার পুলিশ।
আলাউদ্দিন তালমা ইউনিয়নের চর মানিকদি পাগলপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবা গ্রিস প্রবাসী আবুল হোসেন মাতুব্বর ও মা জান্নাতি বেগম । দুই ভায়ের মধ্যে আলাউদ্দিন বড়। সে তলমা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
গত ৭ জুন বৃহস্পতিবার তারাবি নামাজ পড়ার জন্য রাত ৮টার কিছু আগে বাসা হতে বের হয় আলাউদ্দিন। এরপর সে আর বাসায় ফিরে আসেনি। এ ঘটনায় ৮ জুন রাতে নগরকান্দা থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করা হয়। অপহরণকারীদের চাহিদা মত গত ১৪ জুন রাতে অপহরণকারীদের এক লাখ ৪০ হাজার টাকা দেওয়া হয়। এরপরও সন্তানকে ফেরত না পেয়ে গত ১৫ জুন নগরকান্দা থানায় একটি মামলাদায়ের করেন আলাউদ্দিনের মা জান্নাতি বেগম।
এ মামালার তদন্তকারী কর্মকর্তা নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কবির হোসেন বলেন, গত মঙ্গলবার রাত ৯টার দিকে এ মামলার সন্দেহজনক আসামি হিসেবে পাগলপাড়া গ্রামের দুই ভাই মাহাবুব ব্যাপারি (২৮) ও জোবায়ের ব্যাপারিকে (২৫) আটক করা হয়। মাহাবুবের স্বীকারোক্তি অনুযায়ী রাত ১১টার দিকে মানিকদী গ্রামের চক সংলগ্ন একটি খালের পাড় থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় আলাউদ্দিনের গলিত লাশ উদ্ধার করা হয়।
এসআই কবির হোসেন জানান, মাহাবুব জানায়, সেসহ আরও চারজন এ হত্যায় অংশ নেয়। অপহরণের আধা ঘন্টার মধ্যে মানিকদী গ্রামের ওই চকে নিয়ে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় আলাউদ্দিনকে এরপর তাকে মাটি চাপা দেওয়া হয়।
মাহবুব পুলিশকে জানায়, এ মামলার এক নম্বর আসামি খোকন মাতুব্বরের পরকিয়ার ঘটনা দেখে ফেলায় এবং এলাকার একটি মেয়ের সাথে আলাউদ্দিনের সম্পর্কের জেরে তাকে (আলাউদ্দিন) হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়।