November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

প্রকাশক বাচ্চু হত্যার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ডেস্ক: লেখক ও প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যার প্রধান সন্দেহভাজন জেএমবি সদস্য আবদুর রহমান (৩৪) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।
তাকে চারদিন আগে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার করা হয়েছিল। সিরাজদিখান উপজেলার খাসমহল বালুরচরে বুধবার দিবাগত রাত ১টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ জেলা ইন্টেলেজেন্ট অফিসার (ডিআইওয়ান) নজরুল ইসলাম জানান, ২৪ তারিখে পুলিশের কয়েকটি টিম একত্রে অভিযান চালিয়ে গাজীপুর থেকে গ্রেফতার করে আবদুর রহমানকে। বাকি সঙ্গীদের ধরার জন্য তাকে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার খাসমহল বালুর চরে তাদের ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আবদুর রহমানের সঙ্গীরা পালিয়ে যায়। তবে তাকে নিয়ে ফেরার সময় পুলিশের ওপর হামলা চালায় তার সঙ্গীরা। পুলিশও পাল্টা হামলা চালালে আব্দুর রহমান নিহত হয়।
এ সময় সিরাজদিখান থানার তিন পুলিশ সদস্য এএসআই দেলোয়ার, হাসান ও কনস্টেবল মোশারফ আহত হয়। জঙ্গিরা দুই মাস ধরে খাসমহল বালুরচরে একটি বাসা ভাড়া নিয়ে থাকতো বলে জানান পুলিশ।
গত ১১ জুন বিকালে সিরাজদিখান উপজেলারর কাকালদী মোড়ে দুটি মোটরসাইকেলে করে আসা চারজন বিশাখা প্রকাশনীর মালিক শাহজাহান বাচ্চুকে (৫৫) গুলি করে হত্যা করে। বাচ্চু মুন্সীগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া ‘আমাদের বিক্রমপুর’ নামের একটি অনিয়মিত সাপ্তাহিক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করতেন।
ওই ঘটনায় অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে মামলা করা হয়েছিল।