October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস আজ

ডেস্ক: আজ ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে বাংলাদেশেও মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে।

সারাদেশে ৭০ লাখ মাদকাসক্ত। মাদক কারবারি ৩০ হাজার। ১৭ কোটি জনসংখ্যার দেশে মাদকাসক্তের এমন পরিসংখ্যান কতটা উদ্বেগজনক তা নিয়ে কারও সন্দেহ নেই। এর বিপরীতে সারাদেশে মাদক নিরাময় কেন্দ্রের সংখ্যা মাত্র ৪টি। তাতে শয্যা সংখ্যা মাত্র দেড় শতাধিক।
মাদক নিয়ন্ত্রণ ও নিরাময়ের এমন দৈন্যদশার মাঝে কাজ করছে- একটি মাত্র সরকারী প্রতিষ্ঠান- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। প্রতিষ্ঠানটির জনবল মাত্র ১১৯১। এদের মধ্যে মাদকবিরোধী অভিযানে মাঠ পর্যায়ে সরাসরি কাজ করছেন মাত্র ৬৫০ জন। ১১৯১ জনবলের জন্য যানবাহন মাত্র ৫৩টি। এত সীমাবদ্ধতার মাঝেও দেশজুড়ে শুরু হয়েছে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান। চলছে বন্দুকযুদ্ধ। এতে প্রাণ গেছে ১২০ জনের।
মাদকের এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আজ বাংলাদেশেও পালন করা হচ্ছে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। এবারের মাদকবিরোধী দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘আগে শুনুন : শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয়াই তাদের নিরাপদ বেড়ে ওঠার প্রথম পদক্ষেপ।

এবারের মাদকবিরোধী দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘আগে শুনুন : শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয়াই তাদের নিরাপদ বেড়ে ওঠার প্রথম পদক্ষেপ’।

দিবসটি উপলক্ষে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকাল ৮টায় জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে কদম ফোয়ারা হয়ে মৎস্যভবন পর্যন্ত মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ১৯৮৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ২৬ জুনকে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরের বছর থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।