November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সাকার ভাইয়ের ৩ সপ্তাহের জামিন

ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে চট্টগ্রাম জজ কোর্টে ও বিস্ফোরক আইনে ফটিকছড়ি থানায় দায়ের করা দুই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলায় তার ৩ সপ্তাহের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
গিয়াসউদ্দিন কাদের চৌধুরী হলেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই। গিয়াস কাদেরের বিরুদ্ধে আরও মামলা রয়েছে।
বিচারপতি এম এ হাফিজ ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ জামিন মঞ্জুর করেন।
এর আগে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গিয়াস কাদেরের জামিনের আবেদন করেন।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৯ মে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘আপনার বাবার চেয়েও আপনার অবস্থা খারাপ হবে। আপনার বাবার মৃত্যুর পর যেমন ইন্নালিল্লাহ্ পড়ার লোক ছিল না, আপনার পরিণতি তার চেয়েও খারাপ হবে। আপনাকে বাবার চেয়েও নির্মমভাবে মৃত্যুবরণ করতে হবে।’
এরপর প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ এনে ফটিকছড়িতে মামলা হয়।
২৯ মে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পৈতৃক বাসভবন গুডস হিলে হামলা ও ভাঙচুরও চালানো হয়।