October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রানা প্লাজায় নিহতদের স্মরণ

ডেস্ক: পাঁচ বছর আগে সাভারের রানা প্লাজা ধসে নিহতদের স্মরণ করেছেন স্বজন, বিভিন্ন শ্রমিক সংগঠন এবং আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। নিহতদের স্মরণে ঘটনাস্থলে নির্মিত ‘অস্থায়ী শহীদ বেদিতে’ সোমবার সকালে ফুল দেন তারা।

প্রথমে বিভিন্ন শ্রমিক সংগঠন অস্থায়ী বেদিতে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।পরপর শ্রদ্ধা জানান নিহত ও আহত শ্রমিকদের পরিবারের সদস্যরা।  সময় অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন। তারা সরকারের কাছে রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসির দাবি জানান।

এছাড়া ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাভারের সংসদ সদস্য এনামুর রহমানও আসেন রানা প্লাজা ধসে নিহতদের শ্রদ্ধা জানাতে। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান, সহকারী কমিশনার (ভূমি) প্রণব কুমার ঘোষ।

২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ এ ভবন ধসের ঘটনা ঘটে। ঢাকার সাভারে রানা প্লাজা নামে এই ভবনে ছিল বেশ কয়েকটি পোশাক কারখানা। ভবনটির ধ্বংসস্তূপ থেকে ১ হাজার ১৪২ জনের লাশ উদ্ধার করা হয়। দুই হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। আহত হন দুই হাজারের বেশি শ্রমিক; যাদের অনেকে পঙ্গু হয়ে যান।

এ ঘটনায় সাভার থানার এসআই ওয়ালী আশরাফ ভবন নির্মাণে ‘অবহেলা ও অবহেলাজনিত’ হত্যার অভিযোগে মামলা করেন। দুই বছর পর ২০১৫ সালের ২৬ এপ্রিল সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয়কৃষ্ণ কর ভবন মালিক সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন; মামলায় সাক্ষী করা হয় ৫৯৪ জনকে।

সকালে সোহেল রানার ফাঁসি দাবিতে সাভার প্রবাসী শ্রমজিবী ফ্রন্টের (পার্বত্য চট্টগ্রাম) ব্যানারে ঢাকা-আরিচা মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এছাড়া রানা প্লাজা ধসে নিহত ও আহত শ্রমিকদের স্মরণে সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।