October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রাজাপুরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

কামরুল হাসান মুরাদ (ঝালকাঠি প্রতিনিধি): ঝালকাঠির রাজাপুরে গত ১৩ মার্চ বরিশালে ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সুমন হাসানের ওপর ডিবি পুলিশের নির্মম নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজাপুরের সাংবাদিকরা। রাজাপুর প্রেসক্লাবের আয়োজনে গতকাল সোমবার সকাল ১০টায় রাজাপুর প্রেসক্লাব ব্যাডমিন্টন চত্বরে ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে উপস্থিত হয়ে সংহতি জানান। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন রাজাপুর প্রেসক্লাব সভাপতি আহসান হাবিব সোহাগ, ডিবিসি জেলা প্রতিনিধি আল আমীন তালুকদার সাংবাদিক দিবস তালুকদার প্রমূখ। বক্তারা সাংবাদিক নির্যাতনকারী পুলিশ সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নির্যাতনকারীদের শাস্তি না হলে পুলিশের সংবাদ বর্জনসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিকরা।