November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মহাসাগরে ৮০ জন যাত্রী নিয়ে ফেরি ডুবি, উদ্ধার ৭

ডেস্ক: প্রশান্ত মহাসাগরের দুর্গম এলাকায় ডুবে যাওয়া ফেরিতে ৮০ জনেরও বেশি যাত্রী ছিল বলে জানিয়েছে নিউজিল্যান্ডের সরকারি কর্তৃপক্ষ। এ পর্যন্ত ৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে । যার মধ্যে এক শিশুও রয়েছে। সময় যত গড়াচ্ছে জীবিতদের উদ্ধারের সম্ভাবনা তত ক্ষীণ হয়ে আসছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

এএফপির এক খবরে বলা হয়, জীবিতদের সন্ধানে সাগরের বিশাল এলাকা জুড়ে বহুজাতিক বাহিনী উদ্ধার তৎপরতা চালালেও এ পর্যন্ত মাত্র ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এমভি বুতিরায়োই নামের জাহাজ গত ১৮ জানুয়ারি প্রশান্ত মহাসাগরে ডুবে যাওয়ার সময় এতে ৩৫ থেকে শতাধিক আরোহী ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও কর্মকর্তারা জানান, সময় যত গড়াচ্ছে এ সংখ্যার বিষয়টি ধীরে ধীরে আরো স্পষ্ট হচ্ছে।

নিউজিল্যান্ডের প্রতিরক্ষা বিভাগের এয়ার কমোডোর ডেরেন ওয়েব বলেন,  গত ৪দিন ধরে সাগরে ভেসে থাকা যাত্রীদের উদ্দেশ্যে একটি সামরিক বিমান থেকে খাবার ছুঁড়ে ফেলা হচ্ছে। কিন্ত সময় যতই ঘনিয়ে আসছে জীবিত আর কাউকে উদ্ধারের সম্ভাবনা ততই কমে আসছে বলে জানান তিনি।

উদ্ধার সমন্বয় কেন্দ্র এনজেডের এক বিবৃতিতে বলা হয়, এ ফেরিতে পাঁচজন নাবিকসহ প্রায় ৮০ জন যাত্রী ছিল বলে কিরিবতি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

প্রশান্ত মহাসাগরের যে এলাকায় জাহাজটি ডুবে গেছে ওই এলাকায় দ্রুত উদ্ধার অভিযান চালাতে সহায়তা করতে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে ৪টি হেলিকপ্টার পাঠানো হয়েছে।