November 5, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রাধারমণের গান নিয়ে শাহনাজ বেলীর অ্যালবাম

ডেস্ক: দেশের অন্যতম জনপ্রিয় ফোক সঙ্গীত শিল্পীদের একজন শাহনাজ বেলী। তবে নিজেকে একজন লালনের গানের শিল্পী হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

বাজারে বেশকিছু গানের অ্যালবাম রয়েছে তার। এরইমধ্যে রাধারমণের ১০টি গান নিয়ে একটি একক অ্যালবামের কাজ প্রায় শেষ করেছেন। সঙ্গীতায়োজন করেছেন মান্নান মোহাম্মদ, আজাদ মিন্টু। এছাড়া কবির বকুলের লেখা ও শওকত আলী ইমনের সুর সঙ্গীতে একটি মডার্ণ ফোক গানও করেছেন তিনি। শিগগিরই গানগুলো বেলী তার শ্রোতা ভক্তদের হাতে তুলে দিবেন।

বর্তমানে স্টেজ শো নিয়েই দারুণ ব্যস্ত বেলী। আগামী ৩, ৪ ও ৭ ফেব্রুয়ারি তিনি কক্সবাজার, নারায়ণগঞ্জ ও ভোলায় স্টেজ শোতে পারফর্ম করবেন। এছাড়া আরো বেশ ক’টি শোতে অংশ নিবেন তিনি।

সেই স্কুল পড়ার সময় থেকে আজ অবধি নিজের মনের গহীনে লালনের গানকেই বেশি স্থান দিয়েছেন তিনি। যে কারণে এদেশের সঙ্গীতাঙ্গনে একজন লালনের শিল্পী কিংবা ফোক গানের শিল্পী হিসেবে শাহনাজ বেলী আজ আলোচিত এক নাম।

নিজের উদ্যোগে প্রথম একক অ্যালবামের কাজ শুরু করলেও সেই অ্যালবাম প্রকাশ হয় ‘কলতান’র ব্যানারে। অ্যালবামের নাম ‘একবার পাইলে’। ফোক গানের এই অ্যালবামটি শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলে। এরপর তিনি লালনের গানের অ্যালবাম ‘কোথাই আছে সেই দিন দরদী সাই’ প্রকাশ করেন। এরপর ‘প্রেমের বিয়ে’, ‘সাধের পীরিতি’স’,‘রঙ লাগাইলি মনে’, ‘জীবন নদীর নাইয়া’সহ দেড় শতাধিক অ্যালবাম প্রকাশ করেন।

বেলী ৩০টির বেশি চলচ্চিত্রে প্লে-ব্যাক করেছেন। তারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘কাজের মানুষ’,‘ পিরিতির আগুন জ্বলে দ্বিগুন’, মালেকা সুন্দরী’ ইত্যাদি।