October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা

আহমেদ ফরিদ, রাবি প্রতিনিধি : জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগ। মঙ্গলবার সকাল ১১টায় দিবসটি উপলক্ষে কালো ব্যাচ ধারণ করে শোক র‌্যালি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

রাবি শাখা ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে সকালে কালো পতাকা ও কালো ব্যাচ ধারণ করে শোক র‌্যালি করে সংগঠনটির নেতাকর্মীরা। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু হলে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে সেখানে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনিকা ফারিহা জামান অর্ণা, রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুসহ বিশ্ববিদ্যালয় শাখা ও হল ইউনিটের নেতাকর্মীরা।
এদিকে এদিন সকাল ৯টায় কালো ব্যাচ ধারণ করে শোক র‌্যালি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর বৃক্ষরোপণ কর্মসূচী, শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আয়োজিত হয়।

এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন রুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি মো. নাঈমুর রহমান নিবিড়, সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপুসহ রুয়েট ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও শোক র‌্যালি করেছে রাবি শাখা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি রবিউল সরকার রুবেল, সাধারণ সম্পাদক মামুন অর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।