October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কোমরে জোড়া লাগা দুই শিশুর অপারেশন

ডেস্ক: গাইবান্ধার দুই শিশুকে আলাদা করতে অপারেশন হবে আজ। এ ধরনের অপারেশনে কিছুটা ঝুঁকি থাকলেও চিকিৎসকরা আশাবাদী সুস্থ হয়ে মায়ের কোলে ফিরবে দুই শিশু। সফল অপারেশনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শিশু তৌফা-তহুরার মা ও বাবা।

মায়ের কোলে শিশুর হাসি। পৃথিবীর সবচে সুন্দরতম মুহূর্ত। ১০ মাসের অবুঝ শিশু তৌফা ও তহুরার অবশ্য বুঝতে পারার কথা নয়, তাদের জন্ম হয়েছে জটিল শারীরিক সমস্যা নিয়ে। জন্মের পরই কোমরে জোড়া লাগা শিশু দুটির মলদ্বার ছিলো না। তাই সে সময়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন করে পৃথক মলদ্বার তৈরি করে দেয়া হয়েছে। তবে শিশু দুটিকে পৃথক করার অপারেশনের জন্য বয়স কম হওয়ায় সে সময় তা করা হয়নি। চিকিৎসকদের পর্যাপ্ত তদারকি শেষে মঙ্গলবার অপারেশন হবে ঢাকা মেডিকেলে।

গাইবান্ধার সুন্দরগঞ্জের কৃষক পিতা আর পরম যত্নে দীর্ঘদিন তাদের বুকে আগলে রাখা মা স্বপ্ন দেখছেন, সুস্থ হয়ে তাদের সন্তানরা স্বাভাবিক অন্য দশটি শিশুর মতই হাসবে, খেলবে।

চিকিৎসকরা বলছেন,এর আগে জোড়া দেয়া শিশু পৃথক করা হলেও কোমরে জোড়া দেয়া শিশুর অপারেশন দেশে এটিই প্রথম। তাই ঝুঁকির বিষয়টি রয়েছে। তারপরও আশাবাদী সাফল্যের ব্যাপারে চিকিৎসকরা।

মঙ্গলবার সকাল আটটায় শুরু হয়ে প্রায় ৬ থেকে ৭ ঘণ্টার দীর্ঘ এ অপারেশন চলাকালীন দেশবাসীর প্রার্থনার অনেকটুকু জুড়েই হয়তো থাকবে দুই শিশু। তবে, এটি সফল হলেও পুরোপুরি সুস্থ হতে পরে তৌফা ও তহুরার আরো বেশকটি অপারেশনের প্রয়োজন হতে পারে।