মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিঙ্গাইরে গরু ব্যবসায়ী আজাহার হত্যা মামলায় সাচ্চু মিয়া নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ ২৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে জনাকীর্ণ আদালতে সাজাপ্রাপ্ত আসামি সাচ্চুর উপস্থিতিতে এই রায় দেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান খান। আসামি সাচ্চু মিয়া শিবালয় উপজেলার কাচিতারা এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৪ অক্টোবর গভীর রাতে ঢাকার গাবতলী গরুরহাট থেকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া গ্রামে নিজবাড়িতে ফেরার পথে সিঙ্গাইর এলাকায় খুন হয় আজাহার। পরদিন ভোরে সিংগাইর পুলিশ আজাহারের বস্তা বন্দী মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার ৪ দিন পর নিহত আজাহারের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্তপূর্বক ৬ জনকে আসামি করে ২০১৫ সালে ২৭ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় মোট ১৩ জনের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ৫ আসামি- আলী, ফজলুল করিম, কবির, আনিস ও কিরমানকে বেকসুর খালাস দেওয়া হয় । রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট মথুরনাথ সরকার এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট দেলোয়ার হোসেন।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা