October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

শাহবাগে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ : আহত ৩

ডেস্ক: আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করছেন।পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাতটি কলেজের শিক্ষার্থীদের আন্দোলন। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের ছোড়া টিয়ারশেলে তিন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।

জাতীয় জাদু ঘরের সামনে কিছু সময় অবস্থানের পর শিক্ষার্থীরা শাহবাগ মোড় সড়কে অবস্থান নিতে চাইলে ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এখনও এই সংঘর্ষ চলছে। চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে তিন শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে একজন গুরুতর বলে জানা গেছে। বর্তমানে কাটাবন রাস্তায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। পুলিশ রয়েছে শাহবাগ মোড়ে।

চলতি বছরের ১৬ ফেব্রুয়ারী রাজধানীর নামকরা ৭টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত হয়। কলেজগুলো হল: ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, বদরুন্নেছা সরকারী মহিলা কলেজ এবং সরকারি বাংলা কলেজ।

শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত হওয়ার ৫ মাসেও তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমন কোন নির্দেশনা পায়নি যার মাধ্যমে তারা জানতে পারে, তাদের পরীক্ষা কবে হবে, একাডেমিক সিলেবাস কি হবে, পরীক্ষা পদ্ধতি কেমন হবে, প্রশ্নের ধরণই বা কেমন হবে বা কেমন হবে প্রশ্নের মানবন্টন?

শিক্ষার্থীদের ৭ দফায় দাবিগুলো হল:

১. অধিভূক্ত হওয়া কলেজসমূহের ব্যাপারে নীতিমালা প্রণয়ন এবং প্রকাশ (একাডেমিক সিলেবাস, পরীক্ষা পদ্ধতি, প্রশ্নের ধরণ, প্রশ্নের মানবন্টন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে কলেজসমুহের সম্পর্ক ইত্যাদি)।

২. সম্মান ২য় ও ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের ভাইভা/ব্যাবহারিক পরীক্ষা অতি অল্প সময়ের মধ্যে সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা।

৩. সম্মান ৩য় বর্ষের এবং মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে গ্রহণ।

৪. ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্বের ভর্তি কার্যক্রম দ্রুত সম্পন্ন করা।

৫ ডিগ্রীর আটকে থাকা সকল বর্ষের পরীক্ষা দ্রুত সম্পন্ন করা।

৬. অধিভূক্ত কলেজসমূহের সকল তথ্য সংবলিত একটি ওয়েবসাইট তৈরী।

৭. শিক্ষার মান উন্নয়ন এবং সেশনজট নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহণ।