November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আরও ৫৮ শব্দ সৈনিক মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন

ডেস্কঃ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান চরমপত্রের উপস্থাপক, কণ্ঠশিল্পীসহ একাত্তরের ৫৮ জন শব্দ সৈনিককে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে সরকার।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৪৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ মঙ্গলবার এই বিষয়ক একটি আদেশ জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধের তালিকায় নতুন করে যুক্ত হওয়া উপস্থাপক, কণ্ঠশিল্পীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অংশগ্রহণ করেছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে সাংস্কৃতিক সংগঠক হিসেবে ভূমিকা রেখেছিলেন তারা।

এর আগে ২০১৬ সালের ১৫ নভেম্বর ১০৮ জন শব্দ সৈনিককে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়। এখন পর্যন্ত মোট ২৫৩ জনকে এই স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।

নতুন করে মুক্তিযুদ্ধের তালিকায় স্থান পাওয়া শিল্পীদের মধ্যে রয়েছেন চরমপত্রের উপস্থাপক এম.আর আখতার মুকুল, চলচ্চিত্রকার সুভাষ দত্ত, কণ্ঠশিল্পী তিমির নন্দী, ফকির আলমগীর প্রমুখ।

একাত্তরে বাঙালির স্বাধীনতাযুদ্ধের সূচনায় শব্দ সৈনিকদের গড়ে তোলা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এই দেশের মুক্তিকামী মানুষকে প্রেরণা দিয়েছে।

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে ১০ জন সাহসী সৈনিকের উদ্যোগে চট্টগ্রামের কালুরঘাটে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের কাজ শুরু হয়। ৩০ মার্চ সেখান থেকেই প্রথমবারের মতো শোনা যায় ‘জয় বাংলা, বাংলার জয়।’ ওইদিন দুপুরে পাকিস্তানি বাহিনীর হামলায় এই বেতার কেন্দ্রের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

কালুরঘাটের পতনের পর শব্দযোদ্ধাদের দুইটি দলের চেষ্টায় আগরতলা ও ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে বেতার কেন্দ্রের কার্যক্রম চালিয়ে যাওয়া হয়। ১০ এপ্রিল মুজিবনগরে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হওয়ার পর ভারত সরকারের সহায়তায় কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোড থেকে সম্প্রচার শুরু করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র।