ডেস্ক: নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত দেশে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের চলচ্চিত্র পরিবারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর রোববার তথ্য মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।
তথ্য সচিব মরতুজা আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চলচ্চিত্র পরিবারের প্রতিনিধিদের পক্ষে অভিনেতা ফারুক, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রস্তাব তুলে ধরেন।
বৈঠকে চলচ্চিত্র পরিবারের পক্ষে নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, খোরশেদ আলম খসরু, মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, অভিনেতা ফারুক, মিশা সওদাগর, রিয়াজ ও জায়েদ খান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (এফডিসি) ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ, যুগ্ম সচিব (চলচ্চিত্র) ইউছুব আলী মোল্লা, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, উপসচিব (চলচ্চিত্র) শাহীন আরা বেগমও ছিলেন বৈঠকে।
এবারের ঈদে মুক্তি পাওয়া তিনটি চলচ্চিত্রের দুটিই ‘বস টু’ ও ‘নবাব’ ছিল যৌথ প্রযোজনায় নির্মিত। এদুটির মুক্তি ঠেকাতে নানা চেষ্টা ছিল শিল্পী ও কলাকুশলীদের সংগঠনগুলোর।
কিন্তু তারপরও ছবি দুটি মুক্তি পায়।
তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, উত্থাপিত প্রস্তাবগুলো পর্যালোচনা করে দেশের চলচ্চিত্রের স্বার্থে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ নীতিমালা দ্রুত যুগোপযোগী ও পূর্ণাঙ্গ করে নতুন নীতিমালা তৈরির সিদ্ধান্ত হয়েছে। নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ সম্পর্কিত কার্যক্রম স্থগিত রাখা হবে।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী