November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পার্থ বড়ুয়ার সাথে অভিনেত্রী কনীনিকা

ডেস্ক:  সংগীতশিল্পী পার্থ বড়ুয়া এবারের ঈদে পেয়েছেন ভারতের বেশ কটি জনপ্রিয় সিরিয়াল ও চলচ্চিত্রের অভিনেত্রী কনীনিকা বন্দোপাধ্যায়কে।
শিবু কুমার শীলের চিত্রনাট্যে টেলিফিল্মের নাম ‘দ্য পেইন্টার’। যার শুটিং সম্প্রতি শেষ হয়েছে। বাংলাদেশে কনীনিকার এটিই প্রথম কাজ। জানালেন নির্মাতা পারভেজ আমিন।
টেলিফিল্মের গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, এতে একজন পেইন্টারের চরিত্রে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া। আর কনীনিকা ছিলেন তার ছবি আঁকার মডেল হিসেবে। গল্পটি এমন,পেইন্টার পার্থ বড়ুয়া পত্রিকায় একটি বিজ্ঞাপন দিয়েছেন তার ষ্টুডিওর জন্য একজন মডলে প্রয়োজন। অনেক আবেদন পড়ে। তারমধ্যে কনীনিকাকে পছন্দ করেন পার্থ। এরপর প্রায় এক  বছর ধরে কনীনিকাকে সামনে বসিয়ে ছবি আঁকা শেষ করেন। যার মধ্যদিয়ে শেষ হলো কনীনিকার সঙ্গে পার্থর চুক্তি।
টেলিফিল্মের গল্পটি মূলত এখান থেকে নতুন মোড় নেয়। অতঃপর আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে ছবিটি প্রথম স্থান পায়। যেখান থেকে একজন বিদেশী ছবিটি অনেক দামে কিনে নেন। প্রদর্শনী শেষে পার্থ বড়ুয়া নিজের স্টুডিওতে ফিরে আসেন। দেখেন যে চেয়ারে প্রায় এক বছর বসে থাকতেন কনীনিকা সেখানে তার লেখা একটা চিঠি পড়ে আছে। সেই চিঠি পড়ে জানতে পারেন- যে মেয়েটি তার শিল্পকর্মের মডেল হয়েছিলেন সে ততোদিনে ভালোবেসে ফেলেছিলেন চিত্রশিল্পীকে। সে হয়ত ভুলেই গিয়েছিলেন, পার্থ বড়ুয়ার কাছে তিনি ছিলেন শুধুই একজন ছবি আঁকার মডেল। চিঠিটা পড়ে পার্থ কনীনিকার বাড়িতে ছুটে যান। দেখেন অনেক মানুষের ভিড়। কনীনিকা আর নেই।
পার্থ-কনীনিকার গল্পটা এখানেই শেষ নয়। বরং ২৫ বছর পরেও পার্থ বড়ুয়া আজও খুঁজে ফিরছেন তার বিক্রি হয়ে যাওয়া ছবিটি আর হারিয়ে যাওয়া কনীনিকাকে।
এমন বিরহে আাঁকা ‘দ্য পেইন্টার’ টেলিফিল্মটি প্রচার হবে ঈদের দিন দুপুর ২টা ২০ মিনিটে এনটিভিতে।
কনীনিকা বন্দোপাধ্যায় টলিউডের ‘চতুষ্কোণ’, ‘গোড়ায় গণ্ডগোল’, ‘ষড়রীপু’সহ বেশ ক’টি সিনেমায় অভিনয় করে ভালো নজর কেড়েছেন। পাশাপাশি তিনি জি-বাংলার প্রচার চলতি ‘অন্দমহল’-এর প্রধান চরিত্রে অভিনয় করছেন।