October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আজ শুরু হয়েছে বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

ডেস্ক:  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ সোমবার থেকে। ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে একযোগে এ  টিকিট বিক্রি শুরু হয়।
সকাল ৮টা থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। চলবে বিকেল ৫টা পর্যন্ত। আজ বিক্রি হচ্ছে ২১ জুনের টিকিট।
এ ছাড়া গাবতলী, সায়েদাবাদ, কলেজগেট, কল্যাণপুরসহ বিভিন্ন স্থানের কাউন্টার থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে টানা পাঁচ দিন ট্রেনের আগাম টিকিট বিক্রি করছে। ঢাকায় কমলাপুর রেলস্টেশন এবং চট্টগ্রাম রেলস্টেশন থেকে এসব টিকিট বিক্রি হবে। সকাল ৮টায় শুরু হবে ট্রেনের টিকিট বিক্রি। একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবে। আগাম বিক্রি হওয়া টিকিট ফেরত নেওয়া হবে না বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।
রেলওয়ে সূত্র জানায়, আজ ১২ জুন বিক্রি হবে ২১ জুনের টিকিট, ১৩ জুন ২২ জুনের, ১৪ জুন ২৩ জুনের, ১৫ জুন ২৪ জুনের, ১৬ জুন বিক্রি হবে ২৫ জুনের টিকিট।
আর ঈদফেরত যাত্রীদের ভ্রমণের  জন্য রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় ট্রেনের টিকিট বিক্রি হবে ১৯ থেকে ২৩ জুন পর্যন্ত। সে ক্ষেত্রে ১৯ জুন ২৮ জুনের, ২০ জুন ২৯ জুনের, ২১ জুন ৩০ জুনের, ২২ জুন ১ জুলাইয়ের, ২৩ জুন ২ জুলাইয়ের টিকিট বিক্রি হবে।

ঈদে যাত্রী পরিবহনের জন্য সাত জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে। ২১ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্ত নগর সাপ্তাহিক বন্ধের দিনও চলাচল করবে। তবে ২৫ ও ২৬ জুন মৈত্রী এক্সপ্রেস চলাচল করবে না।
বাসের টিকিট : গাবতলী, সায়েদাবাদ, কলেজগেট, কল্যাণপুরসহ বিভিন্ন স্থানের কাউন্টার থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি রমেশ চন্দ্র ঘোষ জানান, এবার শৃঙ্খলার সঙ্গে টিকিট বিক্রি করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ঈদযাত্রা হিসেবে রাজধানী থেকে দেশের বিভিন্ন স্থানে ৪৫০ বাস চালু রাখবে। ২০ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকায় বিআরটিসির বিভিন্ন ডিপোতে এসব বাসের আগাম টিকিট পাওয়া যাবে।
বিআরটিসি সূত্র জানায়, আরো কিছু বাস আপৎকালীন সেবা দিতে বিভিন্ন ডিপোতে সংরক্ষিত থাকবে। এর মধ্যে মিরপুর ডিপো, নন্দন পার্কের সামনে, কল্যাণপুর ডিপো, মতিঝিল ডিপোতে পাঁচটি করে এবং মোহাম্মদপুর ডিপোতে দুটি বাস সংরক্ষিত থাকবে। এসব বাসের বেশিরভাগই দ্বিতল বাস।
এদিকে বাসের আগাম টিকিট বিক্রির সুবিধার্থে বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। তারা জানান, গাবতলীতে বেশ কয়েকটি বাস কাউন্টারের সামনে শামিয়ানা টানানো হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।