November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আবদুল গাফফার চৌধুরী জীবন্ত কিংবদন্তী : শিক্ষামন্ত্রী

ডেস্ক:‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা ও ঢাকা কলেজের সাবেক ছাত্র আবদুল গাফফার চৌধুরীর সংবর্ধনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
মঙ্গলবার ঢাকা কলেজ অডিটরিয়ামে আয়োজিত এ সংবর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, আবদুল গাফফার চৌধুরী জীবন্ত কিংবদন্তী। তিনি সারাজীবন মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। তিনি আমাদের আলোকিত করেছেন, পথ দেখিয়েছেন এবং উদ্বুদ্ধ করেছেন।
মন্ত্রী বলেন, আবদুল গাফফার চৌধুরী রাষ্ট্রভাষা আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। তিনি অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ রচনা করেন। যতদিন বাঙালি থাকবে, বাংলা ভাষা থাকবে- ততদিন তার এ গান অমর হয়ে থাকবে।
গাফফার চৌধুরী লেখনীর মাধ্যমে এখনও মানুষকে উদ্বুদ্ধ করছেন উল্লেখ করে শিক্ষামন্ত্রী তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোয়াজ্জম হোসেন মোল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এবং সংবর্ধনা কমিটির আহ্বায়ক প্রফেসর রেনু বালা গোপ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আলমগীর মিয়া মানপত্র পাঠ করেন। এছাড়া গাফফার চৌধুরীর সংক্ষিপ্ত জীবনী পাঠ করা হয় এবং শিক্ষামন্ত্রী তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
অনুষ্ঠানে গাফফার চৌধুরী ঢাকা কলেজে তার অধ্যয়নকালীন বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করেন।