November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সিটিং সার্ভিস: ৮ সদস্যের কমিটি গঠন

ডেস্ক: রাজধানীতে ‘সিটিং সার্ভিস’ নামে চলাচলকারী পরিবহন বন্ধ করা বা চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত নিতে আট সদস্যবিশিষ্ট সুপারিশ কমিটি গঠন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বিআরটিএর চেয়ারম্যান মো. মশিয়ার রহমানের নির্দেশে বুধবার এ কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান করা হয়েছে রোড সেফটি বিভাগের পরিচালক শেখ মো. মাহবুব-ই রব্বানীকে।
জনস্বার্থে সিটিং সার্ভিস বহাল রাখা যাবে নাকি বন্ধ করা হবে এসব বিষয় খতিয়ে দেখে আগামী তিন মাসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির প্রধান ও রোড সেফটি বিভাগের পরিচালক শেখ মো. মাহবুব-ই রব্বানী।
রাজধানীতে গত ১৬ এপ্রিল থেকে গণপরিবহনে সিটিং, গেট লক ও স্পেশাল বাস সার্ভিস বন্ধ করা হয়। পরিবহন মালিক সমিতির সঙ্গে  আলোচনা করে সিটিং সার্ভিস বন্ধের এ সিদ্ধান্ত নেয় বিআরটিএ। পরে বিষয়টি তদারকি করতে রাজধানীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
কিন্তু লোকাস বাসে অতিরিক্ত ভাড়া আদায়, নৈরাজ্য ও ব্যাপক হয়রানির ফলে ১৯ এপ্রিল বিআরটিএ কার্যালয়ে পরিবহন মালিকদের সঙ্গে জরুরি বৈঠক শেষে পরবর্তী ১৫ দিনের জন্য সিটিং সার্ভিস বন্ধের সিদ্ধান্ত স্থগিতের কথা জানানো হয়। এতে আগের মতো নগরীতে সিটিং সার্ভিস বাস চলাচল শুরু হয়।