ডেস্ক: ফেসবুক লাইভে আবারো হত্যাদৃশ্য প্রচারিত হলো। থাইল্যান্ডের এক মা তার ১১ মাস বয়সী কন্যা শিশুর হত্যাদৃশ্য দেখলেন ফেসবুক লাইভে। মায়ের প্রেমিক শিশুটিকে হত্যার দৃশ্য ফেসবুকে লাইভ প্রচার শেষে আত্মহত্যা করে।
সোমবার সন্ধ্যার লোমহর্ষক এ ঘটনা থাইল্যান্ডসহ বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এ ধরণের সহিংস অপরাধ, আত্মহত্যা ও খুনের সরাসরি প্রচার বন্ধ এবং এসব ক্লিপস দ্রুত সরিয়ে নেয়া নিয়েও পুরনো বিতর্ক জোরদার হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ফুকেতের ২২ বছর বয়সী মা জিরানাঞ্চ থ্রিরাতের প্রেমিক উটিসান ওংতালে ১১ মাস বয়সী শিশুকন্যাকে ফাঁস দিয়ে হত্যা করে। হত্যা শেষে ওংতালে আত্মহত্যা করে।
বৃহস্পতিবার বিপর্যস্ত জিরানাঞ্চ বলেন, ওই সময়ে আমি আমার ভাইয়ের সাথে ছিলাম। ও ফেসবুক লগ করে স্ক্রল করছিল। হঠাৎ দেখি আমার মেয়ের হত্যাদৃশ্যের লাইভ প্রচার চলছে। আমি আর তাকাতে পারছিলাম না।
হত্যাদৃশ্যের ভিডিওটি ফেসবুকে ২৪ ঘন্টা ধরে ছিল। ফলে এসব সহিংস অপরাধের দৃশ্য সামাজিক নেটওয়ার্ক থেকে দ্রুত সরিয়ে নেয়ার দাবি জোরালো হয়েছে। তবে ফেসবুক নিয়ে নেতিবাচক মনোভাব নেই জিরানাঞ্চের।
তিনি বলেন, ফেসবুককে আমি দোষ দিচ্ছি না। সমস্যার অংশও ফেসবুক নয়। আমরা আমাদের আনন্দ কিংবা বেদনা যে কোন কিছুই ফেসবুকে প্রকাশ করতে পারি।
এদিকে উটিসান ওংতালে কেন এ ধরণের লোমহর্ষক কাজটি করলো তা এখনও স্পষ্ট নয়।
তবে জিরানাঞ্চ জানান, তার সাবেক স্বামীকে নিয়ে তাদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হতো। তার আগের পক্ষের ছেলেকে ওংতালে মারধর করতো। কিন্তু কন্যা নাতালিয়েকে সে আদর করতো। জিরানাঞ্চ যখন কাছের একটি স্কুলে যেতো তখন ওংতালে তাদের কন্যাটিকে দেখাশুনা করতো।
(বাসস)

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।