November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মেঘনায় ট্রলার ডুবিতে নিহত ৪, নিখোঁজ ১৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জে মেঘনায় ট্রলার ডুবিতে চারজন নিহত হয়েছেন। অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রামপুরা থেকে চাঁদপুরের মতলব থানার বেলতলিতে যাওয়ার সময়ে প্রচণ্ড ঢেউয়ে ট্রলার ডুবে যায়। নিহতরা হলেন রামপুরা এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার (৪০), তার মেয়ে লামিয়া (৫), একই এলাকার জোহরা বেগম (৬০) ও কাঞ্চন বেগম (৬৫)।

এদিকে, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীনুর ইসলাম জানিয়েছেন, নিহতদের পরিবারকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেয়া হয়েছে।

এ ঘটনায় নিহত আব্দুস সাত্তারের স্ত্রী শিল্পী বেগম, হালিম ভান্ডারীর স্ত্রী বানু বেগম, শাশুড়ি জয়গুননেছা, শ্যালিকা রানু বেগম ও তার স্বামী শাহজাহান, শাহজাহানের বোন শম্পাসহ অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছেন।

নারায়ণগঞ্জের বন্দরের নৌ ফাঁড়ির ইনচার্জ পুলিশের এসআই শাহ আলম জানান, ট্রলারটিতে ৩০ থেকে ৪০ জন ছিল। বিকেল ৪টার দিকে সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জ এলাকায় মেঘনায় ট্রলারটি ডুবে যায়।