November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

জামিন পেলেন ডা. ইকবালের স্ত্রী-সন্তানেরা

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ ডা. এইচ বি এম ইকবালের স্ত্রী মমতাজ বেগম, তার দুই ছেলে ও এক মেয়ে ৬ মাসের জামিন পেয়েছেন।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চার আসামির দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য গ্রহণ করে আজ বৃহস্পতিবার তাদের জামিন দেন।
আদালতের এ আদেশের ফলে ডা. ইকবালের স্ত্রী-সন্তানদের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তাদের আইনজীবী।
গত ৮ মার্চ ঢাকার এক নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন ইকবালের স্ত্রী ও ছেলেমেয়েরা। পরে শুনানি শেষে বিচারক আতাউর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
ডা.এইচ বি এম ইকবাল প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান। তার ছেলে ইমরান ইকবাল ওই ব্যাংকের একজন পরিচালক। আরেক ছেলে মঈন ইকবাল ও মেয়ে নওরীন ইকবালও একসময় পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।
বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২৭ মে ইকবাল, তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করে দুদক। পরের বছরের ১১ মার্চ বিশেষ জজ আদালত এ মামলার রায়ে ইকবালকে ১৩ বছরের কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। তার স্ত্রী ও সন্তানদের তিন বছর করে কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়।