October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সংশোধন হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ফি নিয়ন্ত্রণ আইন

সংসদ প্রতিবেদক : বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ফি আদায় সংক্রান্ত যাবতীয় কাজের সমীক্ষা হওয়া দরকার উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন এ লক্ষ্যে আইন সংশোধনের কাজ চলছে।
বৃহস্পতিার সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তার অনুপস্থিতিতে সংসদে প্রশ্নের উত্তর দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
সরকারি দলের এম আবদুল লতিফের এ সম্পর্কিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আইনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দেশের আর্থসামাজিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ফি কাঠামো প্রস্তুত করার কথা বলা আছে। কিন্তু তারা যার যার মতো করে বিভিন্ন খাতে অর্থ আদায় করছে, যা সবার জন্য উচ্চশিক্ষা নিশ্চিতকরণের পথে অন্যতম অন্তরায়।’
মন্ত্রী আরও বলেন, বিষয়টি আমরা অনুভব করলেও বিদ্যমান আইনে এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিকার নিশ্চিত করার সুযোগ নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অর্থ আদায়সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের একটি সমীক্ষা হওয়া দরকার। গুরুত্ব বিবেচনা করে আমরা এ বিষয়ে মতবিনিময়ও করেছি। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০-এর কতিপয় ধারা সংশোধনের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক একটি উপকমিটি গঠন করে দেয়া হয়েছে। এ পর্যায়ে আলোচ্য বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’
প্রশ্নোত্তরের আগে বিকেল সাড়ে চারটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।