ডেস্ক : জাতীয় সাইক্লিস্ট পারুল আক্তারকে বাঁচানো গেল না। কয়েকদিন আগে আত্মহত্যার চেষ্টা করা পারুল মঙ্গলবার শেষ রাতে মারা গেছেন সাভারের একটি হাসপাতালে। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ খান বাবুল বলেন, ‘আমি সকালে তার মৃত্যুর খবর শুনেছি। পারুল সফিপুর আনসার কোয়ার্টারে থাকতো। ৩/৪ বছরের একটা মেয়েও আছে তার।’ পারুলের আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।
বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, ‘দুই দিন আগে শুনেছিলাম সে হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার সকালে শুনেছি মারা যাওয়ার কথা। সে জাতীয় দলের সাইক্লিস্ট ছিল। সর্বশেষ এসএ গেমসে খেলেছে। ২০১৪ সালে দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান সাইক্লিং ট্র্যাক চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিল পারুল’।
পারুলের মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে গিয়েছিলেন সাইক্লিং কোচ কুদ্দুস। ‘আমি সকাল ৭টার দিকে খবর শুনে সাভারের বিকেএসপির কাছে হাসপাতালটিতে গিয়েছিলাম। পারুলের বাড়ি মাগুড়ায়। সে চাকরি করতো আনসারে। ৮-৯ বছর ধরে ছিল এ সংস্থায়। আমি বিজেএমসির কোচ। সে আমার হাতেই খেলোয়াড় হয়েছিল। শুনেছি রাত দুইটা/আড়াইটার দিকে মারা গেছে’ -বলেছেন কুদ্দুস।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ