October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দুই চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার সকাল ৬টার দিকে ঢাকা-দিনাজপুর মহাসড়কের রত্নাদিঘী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম আজাদ জানান, ঢাকা থেকে বাবলু এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাসটি বিরামপুরে আসার পথে রত্নাদিঘী এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই চালক ও এক যাত্রী নিহত হন।
নিহত যাত্রীর নাম দেবত্র শাহ (৪৫)। তার বাড়ি নরসিংদী জেলায়। নিহত ট্রাকচালক ঝন্টু (৪০) ঝিনাইদাহ জেলার বলরাম এলাকার বাসিন্দা। তবে নিহত বাস চালকের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় কে এইচ এম মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।