November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আজ শেষকৃত্য জয়ললিতার

ডেস্ক : চেন্নাইয়ের মেরিনা বিচে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাঝাগাজ (এআইএডিএমকে) নেত্রী জয়রাম জয়ললিতার (৬৮) শেষকৃত্য সম্পন্ন হবে।

শেষকৃত্যে উপস্থিত থাকবেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু, সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া, তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ও’ব্রায়েন, ওড়িষ্যার মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়েক, কেরল ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, বিএসপি নেত্রী মায়াবতী।

সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জয়ললিতা। আম্মা হিসেবে পরিচিত জয়ললিতার মৃত্যুর খবর পেয়ে শোকস্তব্ধ হয়ে যায় গোটা তামিলনাড়ু। রাজ্য জুড়েই যেন স্বজন হারানোর শোক। দোকান, বাজার সব বন্ধ।  বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজ। আগামী তিন দিন ধরেই রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সাত দিনের শোক ঘোষণা করা হয়েছে দক্ষিণের ওই রাজ্যে। মঙ্গলবার থেকেই গোটা রাজ্যে শোক পালিত হবে। এই কদিন সমস্ত সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। বাতিল করা হয়েছে সমস্ত সরকারি অনুষ্ঠানও।

তার মৃত্যুতে শোকস্তদ্ধ রাজনৈতিক মহলও। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, সহসভাপতি রাহুল গান্ধী, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়, আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল জয়ললিতার মৃত্যুতে শোকাহত সবাই।

শোক জানিয়েছে বলিউডও। তামিল সুপারস্টার রজনীকান্ত থেকে শুরু করে বিগ বি অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, শাহরুখ খান, ডায়না পেন্টি, মনোজ বাজপেয়ী, পিয়া বাজপেয়ী প্রত্যেকেই ট্যুইট করে শোক প্রকাশ করেছেন। জনপ্রিয় এই রাজনীতিবিদের মৃত্যুতে শোক জানিয়ে মুলতবি করা হয় সংসদের দুই কক্ষের অধিবেশন।

জয়ললিতার মৃত্যুর পরপরই বুক পকেটে আম্মার ছবি নিয়ে, সোমবার রাত ২টার দিকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন আম্মা ঘনিষ্ঠ ও পন্নিরসেলভম। জয়ললিতার অবস্থা সঙ্কটজনক জানার পরই থেকে আম্মার উত্তরসুরীর খোঁজ শুরু হয়ে যায়। স্বাভাবিকভাবে পন্নিরসেলভমই ছিল প্রথম পছন্দ।

এদিকে আম্মাকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ রাখা হয়েছে চেন্নাইয়ের রাজাজি হলে। মঙ্গলবার ভোরে হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে আসা হয় তার পোয়েজ গার্ডেনের বাড়িতে। সেখান থেকে জয়ললিতার প্রিয় সবুজ রঙের শাড়ি ও ভারতের জাতীয় পতাকা মুড়িয়ে নিয়ে আসা হয় রাজাজি হলে। প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপচে পড়ে সাধারণ মানুষ। সকাল থেকে দলে দলে এসে রাজাজি হলের সামনে ভিড় জমাতে শুরু করে প্রায় লাখ খানেক মানুষ।

সকালে ফুলেল শ্রদ্ধা জানান কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু, অভিনেতা রজনীকান্ত, ধানুশসহ বিশিষ্টজনেরা। দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রাজাজি হলে গিয়ে ফুলেল শ্রদ্ধা জানান জয়ললিতাকে। মোদি ছাড়াও তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন কর্নাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীরা।