October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

অভিনয় করতে গিয়ে ২ স্টান্টম্যানের মৃত্যু

ডেস্ক : দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোরের কাছে একটি হ্রদে হেলিকপ্টার থেকে লাফ দিয়েছিলেন দুই স্টান্টম্যান, কিন্তু সেই হ্রদের পানিতে ডুবেই তাদের মৃত্যু হলো।

অনিল ভার্মা ও রাঘব উদয় নামে এই দুই স্টান্টম্যান একটি কানাড়া ভাষার চলচ্চিত্রের জন্য অভিনয় করছিলেন।

স্টান্টম্যানরা মূলত চলচ্চিত্রের ঝুঁকিপূর্ণ দৃশ্যগুলোতে মূল অভিনেতার পরিবর্তে তার মত পোশাক পরে ও মেকাপ নিয়ে অভিনয় করে থাকেন। পরে দর্শক পর্দায় দেখে মনে করেন, দৃশ্যগুলো হয়ত নায়ক বা নায়িকা নিজেই করেছেন।

স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, নিহত দুই স্টান্টম্যান সাঁতার জানতেন না, এবং হ্রদে লাফিয়ে পড়ার পর তাদের দ্রুত উদ্ধারের জন্য কোন ব্যবস্থাও নেওয়া হয়নি।

অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ এনে সিনেমাটির প্রযোজকদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

একজন পদস্থ কর্মকর্তা বার্তা সংস্থাকে বলেন, সিনেমাটির শুটিংয়ের জন্য সতর্কতামূলক কোন ব্যবস্থাই নেওয়া হয়নি। কেউ কোন লাইফ জ্যাকেট পড়েনি এবং সেখানে কোন উদ্ধারকারী দল বা অ্যাম্বুলেন্সও মজুদ ছিল না।

নিহত দুই স্টান্টম্যানের সঙ্গে হ্রদের জলে লাফ দিয়েছিলেন কানাড়া ভাষার চলচ্চিত্রের শীর্ষ অভিনেতাদের একজন দুনিয়া বিজয়। তিনি অবশ্য কোন ক্ষয়ক্ষতি ছাড়াই সাঁতরে তীরে উঠতে পেরেছেন। সূত্র : বিবিসি।