নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও ভারতের মধ্যে আসামি হস্তান্তরের প্রক্রিয়া সহজ করতে বহিঃসমর্পণ চুক্তির একটি ধারা সংশোধন করা হয়েছে। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এ সংশোধিত প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ভারতের অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ২৩ অক্টোবর স্বাক্ষরিত দ্বি-পক্ষীয় এই চুক্তির ১০(৩) ধারা সংশোধনের প্রস্তাব আজ মন্ত্রিসভায় অনুমোদন করা হয়।
সংশোধিত ওই অনুচ্ছেদ অনুযায়ী, কোনো বিচারিক আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে এবং দুই দেশের যেকোনো দেশ যদি ওই আসামিকে ফেরত চায়, তাহলে তাকে ফেরত দিতে হবে।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, সিনিয়র স্টাফ নার্স সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিশেষ কোটার পদ পূরণ না হলে মেধা তালিকা থেকে তা পূরণ করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় মন্ত্রিসভার আজকের বৈঠকে।
মোহাম্মদ শফিউল আলম জানান, শূন্যপদ পূরণসহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৯ হাজার ৬১৬টি পদে নার্স নিয়োগ দেবে সরকার। এই নিয়োগের জন্য বিদ্যমান নিয়োগ প্রক্রিয়া শিথিল করা হয়েছে। এবার কোনো খালি থাকলে সেখানে অন্য নার্সদের নিয়োগ দেওয়া যাবে। ইতোমধ্যে নার্স নিয়োগ সংক্রান্ত আদেশ জারিসহ আনুষঙ্গিক কাজ শুরু করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।
এছাড়া মন্ত্রিসভার আজকের বৈঠকে পাট গবেষণা ইনস্টিটিউট আইন-২০১৬-এর নীতিগত খসড়া অনুমোদন করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, আজকের মন্ত্রিসভা বৈঠকে মঙ্গোলিয়ার উলানবাটোরে এশিয়া-ইউরোপ সম্মেলনে (আসেম) প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কে অবহিত করা হয়।

এ বিভাগের আরো..
রাষ্ট্রপতি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন
রাষ্ট্রপতি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন আগামীকাল
ভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোকারীদের চিনে রাখতে হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী