October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ইসলাম কখনও খুন ও হত্যাকে সমর্থন করে না : র‌্যাব প্রধান

নিজস্ব প্রতিবেদক : র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, জঙ্গিরা ইসলামের শত্রু। জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে র‌্যাব সার্বক্ষণিক কাজ করছে। মঙ্গলবার সন্ধ্যায় সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন।

র‌্যাব প্রধান বলেন, ‘১৮ বা ১৯ বছরের লাজুক, ভদ্র, মেধাবী ও সদ্য কৈশোর উত্তীর্ণ যুবককে নৃশংস খুনিতে পরিণত করা হয়। তাদের শক্ত কাউন্টার নেরেটিভ নিয়ে সামাজিকভাবে মোকাবেলা করতে হবে। জঙ্গিরা শান্তির ধর্ম ইসলামকে জঘন্যভাবে বিশ্বে উপস্থাপন করছে। ইসলাম কখনও খুন ও হত্যাকে সমর্থন করে না। অথচ ইসলামের নামে বিশ্বব্যাপী জঙ্গি হামলায় ৩২ হাজার মানুষ নিহত হয়েছে। তাদের অধিকাংশই মুসলমান।’

ক্র্যাব সভাপতি আকতারুজ্জামান লাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে বেনজীর আহমেদ আরও বলেন, ‘জঙ্গিরা নিরীহ মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানদের হত্যা করছে। জঙ্গিবাদ দমনে সামাজিকভাবে সচেনতা গড়ে তুলে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। একই সঙ্গে জঙ্গি নির্মূলে আরও নতুন নতুন পরিকল্পনা করা হচ্ছে।’