October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

দুই বাংলাদেশির লাশ ফেরত, বিএসএফের দুঃখ প্রকাশ

ডেস্ক প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চারালডাঙ্গা সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবাবার দুপুর ১২টার দিকে চারালডাঙ্গা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত দেয় তারা।

ভারতের মালদা জেলার হবিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়ন্ত কুমার দত্ত গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিমের কাছে দুই বাংলাদেশির লাশ হস্তান্তর করেন।

নওগাঁ ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান লাশ ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চত করে জানান, সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ হস্তান্তর করেছে। বিএসএফের পক্ষ থেকে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি।

লে. কর্নেল জাহিদ হাসান আরও জানান, পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে সীমান্তে গোলাগুলির যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য বিএসএফের প্রতি কড়া প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে বিজিবি সদর দফতর থেকেও এ ঘটনায় অানুষ্ঠানিক প্রতিবাদ জানানো হচ্ছে বলে জানান তিনি।

এদিকে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহত জবদুল হক ভাদুর লাশ তার স্ত্রী আকলিমা খাতুন ও শাহজাহান আলী ভুট্টোর লাশ তার স্ত্রী জোবেদা খাতুনের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চারালডাঙ্গা সীমান্তের ওপারে রবিবার গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এ দুজন মারা যান।