ডেস্ক প্রতিবেদন : রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বৌদ্ধমন্দিরের পাশের খালে টানা ২৪ ঘণ্টায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার অভিযানের পর তা সমাপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিস এ অভিযান শুরু করে এবং রবিবার বিকেল ৩টার দিকে এ অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
ফায়ার সার্ভিসের ডুবুরিরা খালের ভেতর অভিযান চালিয়ে রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত একটি কার্টনে ৩২টি ম্যাগজিন ও ৮টি পিস্তল পরিষ্কার করার রড উদ্ধার করে। আগের দিন শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত খালে অভিযান চালিয়ে ডুবুরিরা সাতটি ট্রাভেল ব্যাগ খুলে ৯৫টি চায়নিজ ৭ দশমিক ৬২ (মি.মি) বোরের পিস্তল, দুটি দেশি ৭ দশমিক ৬২ (মি.মি) বোরের পিস্তল, ১৮৯টি ৭ দশমিক ৬৫ (মি.মি) পিস্তলের ম্যাগজিন, ১০টি গ্লোপ পিস্তলের ম্যাগজিন, ২৬৩টি এসএমজি ম্যাগজিন, ২২০ রাউন্ড ৭ দশমিক ৬৫ (মি.মি) বোরের পিস্তলের গুলি, ৮৪০ রাউন্ড ৯ এমএম পিস্তলের গুলি, ১০টি বেয়নেট, গুলি তৈরির ১০৪টি ছাচবোড, ১৯ অস্ত্রের বাট পরিষ্কার করার যন্ত্র উদ্ধার করে।
এত বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে যারা লিপ্ত, তারাই এখানে অস্ত্র ফেলে রেখে গেছে। এ ঘটনা দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।
তিনি আরও বলেন, যারা দেশে স্বাধীনতা চায় না, গণতন্ত্রে বিশ্বাস করে না, দেশের উন্নয়নে বিশ্বাস করে না, যুদ্ধাপরাধীদের বিচার চায় না, এমন চক্রই দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ সব অস্ত্র কে বা কারা ফেলে গেছে সে বিষয়টি খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর সবকটি ইউনিট কাজ শুরু করেছে। আমরা এর তদন্ত করছি। তদন্ত শেষে এ সম্পর্কে বিস্তারিত বলা যাবে।
যে পাজেরো গাড়িটি এখানে এসে অস্ত্র ফেলে গেছে সেই গাড়িটি কোথায় থেকে এসেছে এবং কোথায় কোথায় গেছে সে বিষয় গোয়েন্দা পুলিশ অনুসন্ধান শুরু করে দিয়েছে।
দেশব্যাপী সাঁড়াশি অভিযানে ব্যাপক সফলতা এসেছে উল্লেখ করে তিনি বলেন, এ অভিযানে আমরা শতাধিক জঙ্গিকে গ্রেফতার করেছি বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। দেশব্যাপী সাঁড়াশি অভিযানে ভীত হয়ে নিজেদের কাছে অস্ত্র রাখা নিরাপদ মনে করেনি বলেই নাশকতাকারী ও ষড়যন্ত্রকারীরা এতোগুলো অস্ত্র এমন নির্জন স্থানে ফেলে রেখে গেছে। এ বিষয়ে আমরা তদন্ত করছি, কারা এই অস্ত্রগুলো এনেছিলো, এই ষড়যন্ত্রের সঙ্গে কারা জড়িত, তা সব খুঁজে বের করা হবে। তবে এ অভিযানের নেপথ্যে ছিলেন এক পুলিশ কনস্টেবল। তবে নিরাপত্তার স্বার্থে তার পরিচয় গোপন রাখা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার বেলা সাড়ে ৩টার দিকে তুরাগ থানা এলাকা দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একজন কনস্টেবল স্ত্রী-সন্তানকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। ষোলহাটিতে পৌঁছলে তার সন্তান প্রস্রাব করতে চায়। তাই কনস্টেবল মোটরসাইকেলটি দাঁড় করিয়ে শিশুটিকে নিয়ে তখন খালের পাড়ে যান। তখনই তিনি লক্ষ্য করেন খালের পাড়ে একটি নম্বরবিহীন কালো রঙের পাজেরো গাড়ি দাঁড়ানো। ওই গাড়ি থেকে তিনজন লোক তাড়াহুড়ো করে কিছু ট্রাভেল ব্যাগ নামাচ্ছে। বিষয়টি সন্দেহ হলে তিনি দ্রুত তুরাগ থানার ওসি মাহবুবে খোদাকে ফোন দিয়ে তা জানান। কিছুক্ষণ পরই ওসি ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই তিনজন খালের পাড়ে ব্যাগগুলো ফেলে গাড়িতে করে পালিয়ে যায়। এ খালটি তুরাগ নদীর একটি শাখা। উত্তরা ১৬ নম্বর সেক্টরের ভেতরে পড়েছে খালটি। খালের পাশেই বড় সড়ক। খালে ১০ থেকে ১৫ ফুট পানি রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি, উত্তর) বিধান ত্রিপুরা জানান, বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরিরা খালে নেমে তল্লাশি করে। জঙ্গিবাদের বিরুদ্ধে দেশব্যাপী যে সাঁড়াশি অভিযান চলছে, তাতে ভীত হয়েই কেউ এ নির্জন এলাকায় অস্ত্র ও গোলাবারুদ ফেলে গেছে। আমাদের ধারণা এর সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক চক্র জড়িত রয়েছে। বড় ধরনের কোনো নাশকতার জন্যই এসব অস্ত্র মজুদ করা হয়েছিল।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, ফায়ার সার্ভিসের মোট ২৬ জন ডুবুরি অভিযান চালায়। পরে খাল থেকে শুধু ৩২টি ম্যাগজিন ও ৮টি পিস্তল পরিষ্কার করার রড উদ্ধার করা হয়। আর কিছু না পেয়ে ২টা ৫৫ মিনিটে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
তিনি আরও জানান, এছাড়া অভিযানের প্রথম দিন সাতটি ট্রাভেল ব্যাগ খুলে ৯৫টি চায়নিজ ৭ দশমিক ৬২ (মি.মি) বোরের পিস্তল, দুটি দেশি ৭ দশমিক ৬২ (মি.মি) বোরের পিস্তল, ১৮৯টি ৭ দশমিক ৬৫ (মি.মি) পিস্তলের ম্যাগজিন, ১০টি গ্লোপ পিস্তলের ম্যাগজিন, ২৬৩টি এসএমজি ম্যাগজিন, ২২০ রাউন্ড ৭ দশমিক ৬৫ (মি.মি) বোরের পিস্তলের গুলি, ৮৪০ রাউন্ড ৯ এমএম পিস্তলের গুলি, ১০টি বেয়নেট, গুলি তৈরির ১০৪টি ছাচবোড, ১৯ অস্ত্রের বাট পরিষ্কার করার যন্ত্র উদ্ধার করা হয়।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত