October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আদালতের নির্দেশনা অনুযায়ী রায় বাস্তবায়ন : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :  শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে এমপিদের না রাখার বিষয়ে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করা হবে। তবে এ বিষয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা করা হবে।

রোববার সচিবালয়ের নিজ কার্যলয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে সংসদ সদস্যদের দায়িত্ব পালন এবং গভর্নিং বডির বিশেষ কমিটির বিধান অবৈধ বলে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে সংসদ সদস্যরা স্কুল-কলেজের গভর্নিং বডির সভাপতি থাকতে বা হতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর প্রতিক্রিয়ায় শিক্ষামন্ত্রী বলেন, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সেটা আমরা কিভাবে কার্যকর করবো, সেটা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের নির্দেশনা আছে, সেই রায় দেখে করবো।

এর আগে গত ১ জুন বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯ এর ৫ (২) এবং ৫০ ধারাকে বাতিল করে রায় দেন বিচারপতি জিনাত আরা ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ।